এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার : কেন্দ্রে প্রবেশে নতুন সময়সীমা

এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার : কেন্দ্রে প্রবেশে নতুন সময়সীমা

স্ফুলিঙ্গ ডেক্স :

আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং কেন্দ্র সংলগ্ন এলাকায় যানজট ও জনদুর্ভোগ এড়াতে কেন্দ্রে প্রবেশের সময় নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর নির্দেশে বহু বছরের পুরনো ‘সাইলেন্ট এক্সপেল’ বা নীরব বহিষ্কার প্রথাও বাতিল করা হয়েছে।

সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রে প্রবেশ:

শনিবার (১৮ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়েছে, পরীক্ষাকেন্দ্রের আশপাশে যানজট কমাতে কেন্দ্র সচিবদের সকাল সাড়ে ৮টা থেকেই পরীক্ষার্থীদের কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশের ব্যবস্থা নিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। তবে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ সংক্রান্ত পূর্বের নিয়মগুলো অপরিবর্তিত থাকবে।

বিদায় নিল ‘সাইলেন্ট এক্সপেল’ প্রথা:

দীর্ঘ কয়েক দশক ধরে চলে আসা বিতর্কিত ‘সাইলেন্ট এক্সপেল’ (নীরব বহিষ্কার) প্রথা এবার পুরোপুরি বাতিল করা হয়েছে। শনিবার এক ভার্চুয়াল মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই নির্দেশ দেন। তিনি বলেন, “১৯৬১ সালের একটি সেকেলে নীতিমালার কারণে এই প্রথা চালু ছিল, যা ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনেই নেই। বর্তমান সময়ে এমন আদিম নীতিমালা বহাল রাখার কোনো মানে হয় না।”

শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন যে, পরীক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে পরীক্ষা দেবে এবং তাদের ওপর এমন কোনো বিধিনিষেধ চাপানো যাবে না যা মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এই নির্দেশের পর শিক্ষা বোর্ড নীতিমালা-২০২৬ এর ২৯ নম্বর ধারাটি বাতিল ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে।

ফাইল ছবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *