স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরে পৃথক দুইটি ঘটনায় দুই যুবককে ছুরিকাঘাতে আহত করেছে দুর্বৃত্তরা। এদিকে পৃথক অভিযানে বার্মিজ চাকুসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) রাতে শহরের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।
প্রথম ঘটনায় রাত আনুমানিক ৯টার দিকে শহরের আরএন রোড নতুন বাজারের পেছনে পূর্ব শত্রুতার জেরে ইমরান হোসেন ইমন (২২) নামে এক যুবককে চাকু দিয়ে আঘাত করা হয়। তিনি আলমগীর হোসেনের ছেলে এবং ওই এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার ওয়াহিদ (৪৫) এর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ইমনের বুকের বাম পাশে চাকু দিয়ে আঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান, তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
দ্বিতীয় ঘটনায় রাত সাড়ে ৯টার দিকে যশোর নড়াইল সড়কের সদরের হামিদপুর এলাকার সুলতানা ফিলিং স্টেশনের সামনে হাসান আহমেদ (১৭) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করা হয়। তিনি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট এলাকার শাহ আলমের ছেলে এবং বর্তমানে ঝুমঝুমপুর বিজিবি ক্যান্টিনের পেছনে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
স্থানীয়দের ভাষ্য,পূর্ব বিরোধের জেরে মোল্লাপাড়া এলাকার সালমান, রবি, শিহাব ও হুসাইনসহ তাদের এক সহযোগী হাসানের ওপর হামলা চালিয়ে তার নিতম্বে চাকু দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত রয়েছেন।
এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে শহরতলীর বালিয়াডাঙ্গা মান্দারতলা এলাকায় অভিযান চালিয়ে বার্মিজ চাকুসহ সুজন (২৭) নামে এক যুবককে আটক করে। তিনি বালিয়াডাঙ্গা পশ্চিমপাড়ার তোফাজ্জেল হোসেনের ছেলে।
পুলিশ জানায়,এলাকায় অস্ত্র প্রদর্শনের মাধ্যমে ভীতি সৃষ্টির অভিযোগে তাকে আটক করা হয়। এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দেওয়া হয়েছে।
কোতোয়ালী থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন জানিয়েছেন, পৃথক ঘটনাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ছবি সংগৃহীত।


