স্ফুলিঙ্গ ডেক্স :
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় পাওনা টাকাকে কেন্দ্র করে দিয়া আক্তার (২০) নামে এক কলেজছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় দিয়ার মা মৌসুমী আক্তার (৩৮), ছোট ভাই মোয়াজ (১৫) ও বোন জয়া আক্তার (১২) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৪টার দিকে কাজলা ভাঙ্গা প্রেস এলাকার একটি বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দিয়া শেখ বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন।
হাসপাতালে দিয়াদের গাড়িচালক বিল্লাল হোসেন জানান, প্রতিবেশী মুসা মিয়া দিয়ার পরিবারের কাছে কিছু টাকা পাওনা ছিলেন। ভোরে ওই পাওনা টাকা চাইতে তাদের বাসায় যান মুসা। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে মুসা মিয়া চাপাতি দিয়ে দিয়া ও তার পরিবারের সদস্যদের এলোপাতাড়ি কোপাতে থাকেন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিয়াকে মৃত ঘোষণা করেন। আহত মা ও দুই ভাই-বোন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘাতক মুসা মিয়া নিজেও এ ঘটনায় আহত হয়েছেন। তাকে আটক করে পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে টাকা-পয়সার লেনদেন নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রতীকি ছবি।


