বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারী পণ্যের চাপায় শাহাজান নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় শোয়েব নামে আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
আহত শ্রমিক শোয়েবকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৮ টায় বেনাপোল বন্দরের টিটিআই ট্রাক টার্মিনালে ক্রেন দিয়ে পণ্য খালাসের সময় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শাহাজানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত শাহাজান বেনাপোল পৌরসভার পাটবাড়ি গ্রামের আফতাব উদ্দিন ভোনার ছেলে। আহত শোয়েব বেনাপোলের সাদিপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
এদিকে ঘটনার পর সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কার্যক্রম চালান। তবে বন্দরের ভেতরে যানজটের কারণে হাসপাতালে নিতে দেরি হয় বলে অভিযোগ রয়েছে। এতে ক্ষুদ্ধ শ্রমিকেরা ৫ থেকে ৬টি ট্রাক ভাংচুর করে।
বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের নেতা মীর আলম জানান, নিম্নমানের ক্রেন ও ফর্কলিফট ব্যবহারের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এছাড়া বন্দরে আহত শ্রমিকদের জন্য কোনো চিকিৎসা সুবিধা না থাকায় প্রায় ২০ কিলোমিটার দূরের হাসপাতালে নিতে বিলম্ব হওয়ায় শাহাজানের মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন।
প্রেরক: মেহেদী হাসান জিত,বেনাপোল যশোর।


