স্ফুলিঙ্গ রিপোর্ট : যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে একটি পিস্তলসহ তিন সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। এ সময় উত্তেজিত গ্রামবাসী তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে।
গ্রামবাসীরা জানান, রাতে পাহারা দেওয়ার সময় এলাকাবাসী ধুলগ্রাম হয়ে অভয়নগরের দিকে আসা একটি মোটরসাইকেলে উপজেলার ধুলগ্রাম গ্রামের বাসিন্দা মো. রিয়াজ সরদার (২৮) ও শাকিল সরদার (২৫)এর আচারণ সন্দেহ মূলক হওয়ায় তাদের গতিরোধ করেন এবং তাদেরকে আটক করে গ্রামের নৈশ প্রহরীরা। এরপর আটককৃতদের তথ্য অনুযায়ী অপর সহযোগী রবিউল মোল্লা (২২) নামের আরও এক যুবককে আটক করে গ্রামবাসী। এ সময় তারা গ্রামবাসীদের অস্ত্র দেখিয়ে ভয় দেখালে উত্তেজিত জনতা তাদের ধরে গণপিটুনি দেয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ সময় তাদের পক্ষ অবলম্বন করায় গ্রামবাসী রবিউল মোল্লা নামে আরো এক ব্যক্তিকেও মারধর করে। গ্রামবাসী রিয়াজ সরদারের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল (ম্যাগাজিন ছাড়া) উদ্ধার করে।
অভয়নগর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর কাছ থেকে আটককৃতদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করে ।