স্ফুলিঙ্গ রিপোর্ট : ৯ বছরের এক শিশু কন্যার রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে নেত্রকোনার বারহাট্টায়। নিহত শিশু অটোরিকশা চালক রফিকুল ইসলামের মেয়ে তাহিয়া আক্তার তানজিম তুবা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উপজেলার বিক্রমশ্রী গ্রামে শুক্রবার (৬ মার্চ) বিকেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তুবা দুপুরে ভাত খাওয়া শেষ করে ঘরের ভেতর একাকী আলপনা আঁকছিল। এসময় তুবাকে রেখে তার মা ছাগল চড়াতে মাঠে যান। বিকেল তিনটার দিকে পরিবারের লোকজন ঘরে ঢুকে তুবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে তুবাকে উদ্ধারের সময়কার পরিস্থিতি এবং চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণ ঘটনাটিকে ঘিরে গভীর রহস্যের সৃষ্টি হয়েছে । জানা গেছে, উদ্ধারের সময় শিশুটির পাইজামা কোমর পর্যন্ত খোলা ছিল। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির গলায় আঘাতের চিহ্ন এবং প্রস্রাবের পথে রক্তের আলামত দেখা গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে, তাকে ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
হাসপাতালের সামনে আদরের মেয়ের নিথর দেহ দেখে শোকাতুর মা বিলাপ করতে করতে বলেন, “আমার মেয়েকে কেউ মেরে ঘরে ঝুলিয়ে রেখে গেছে। আমি ছাগল চড়াতে গিয়ে ফিরে এসে দেখি আমার মেয়ে ঝুলছে। আমি এই অন্যায়ের বিচার চাই।” আর বাবা রফিকুল ইসলাম বারবার মূর্ছা যাচ্ছেন।
খবর পেয়ে বারহাট্টা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে।
