স্ফুলিঙ্গ রিপোর্ট :
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যশোরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক আলোচনা সভায় লেখক-গবেষক ও অ্যাক্টিভিস্ট বেনজীন খান বলেছেন, জুলাই বিপ্লব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি ইতিহাসের ধারাবাহিকতার অংশ এবং এখনো চলমান রয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রেসক্লাব যশোরে ‘মহান মুক্তিযুদ্ধ ও ৩৬ জুলাই: এক ঐতিহাসিক পরম্পরা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই বিপ্লবের তরুণেরা নতুন সংবিধান ও ‘সেকেন্ড রিপাবলিক’-এর যে ধারণা দিয়েছিল, তা বাস্তবায়ন করা গেলে রাষ্ট্র ও রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হতো।
তিনি আরও বলেন, নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে নির্বাচনে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের অংশগ্রহণ সীমিত করা যেত এবং পিতৃতান্ত্রিক ও পরিবারতান্ত্রিক প্রভাব কমানো সম্ভব হতো। তবে সেই লক্ষ্য থেকে সরে আসা হলেও আন্দোলনের চেতনা এখনো বিদ্যমান রয়েছে।
বেনজীন খান বলেন, “বিপ্লব নতুন বন্দোবস্ত ও নতুন জীবনব্যবস্থার জন্ম দেয়। সেই দিক থেকে ৩৬ জুলাই কোনো হঠাৎ ঘটনা নয়; এটি ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ সালের ধারাবাহিকতার অংশ।”
এনসিপির জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামানের সভাপতিত্বে এবং সদস্য সালমান হাসান রাজিবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন যুগ্ম সমন্বয়কারী মনিরুজ্জামান আজাদ, সালমা আক্তার আশা, জাতীয় যুবশক্তির জেলা আহ্বায়ক ইমদাদুল হক, সদস্য সচিব ফারিন আহমেদ, জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, সদস্য সচিব আল হাফিজ, জাতীয় শ্রমিক শক্তির জেলা আহ্বায়ক মো. আলাউদ্দিন এবং মণিরামপুর উপজেলা সংগঠক শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও মতামত ব্যক্ত করেন।
ছবি-সংগৃহীত


