স্ফুলিঙ্গ রিপোর্ট : ২৪ মার্চ ২০২৬
চুয়াডাঙ্গায় স্বজনের বাড়ি থেকে আনন্দভ্রমণ শেষে বাড়ি ফেরা হলো না মণিরামপুরের একই পরিবারের তিন সদস্যের। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট নামক স্থানে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাবা, ছেলে ও নাতনি। এই ঘটনায় পরিবারের আরও তিন সদস্য গুরুতর আহত হয়ে এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন।
নিহতরা হলেন মণিরামপুর বাজারের বিশিষ্ট আইটি ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩), তার পিতা ও মণিরামপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাবেক পরিচালক আব্দুল মজিদ সরদার (৭৫) এবং জনির ৪ বছরের শিশু কন্যা শেহেরিশ।
দুর্ঘটনায় জনির মা মনোয়ারা বেগম (৬০), স্ত্রী সাবরিনা জাহান (৩০) ও ছেলে সামিন আলমাস (১০) গুরুতর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, জনি নিজেই প্রাইভেটকারটি চালিয়ে সপরিবারে চুয়াডাঙ্গা থেকে যশোরের দিকে ফিরছিলেন। রাত আড়াইটার দিকে গাইদঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার বিপরীত পাশের একটি বড় বটগাছের সাথে সজোরে ধাক্কা লাগে। পুলিশের ধারণা, চালক জনির চোখে ঘুম চলে আসায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
ঘটনাস্থলেই জনি ও তার পিতা আব্দুল মজিদ প্রাণ হারান। আহত চারজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ছোট্ট শিশু শেহেরিশের মৃত্যু হয়।
নিহত জনির সহকর্মী রিয়াদ হোসেন জানান, সোমবার সকালে পরিবারের সবাইকে নিয়ে চুয়াডাঙ্গায় নানা বাড়ি বেড়াতে গিয়েছিলেন জনি। ফেরার পথে এই অকাল মৃত্যুতে পুরো মণিরামপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো বাড়িতে আনা হয়েছে এবং দাফনের প্রস্তুতি চলছে।
ছবি-সংগৃহীত


