স্ফুলিঙ্গ রিপোর্ট : যশোর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধানে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় শহরের গাড়িখানা রোড থেকে ইনস্টিটিউটের মধ্য দিয়ে এমএম আলী রোড (ব্যাগপট্টি) পর্যন্ত নির্মিত ড্রেন-সংলগ্ন বিকল্প সড়কটির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, “শহরবাসীর চলাচল সহজ করতে এই বিকল্প সড়কটি নির্মাণ করা হয়েছে। এটি মূলত ছোট যানবাহন ও পথচারীদের ব্যবহারের জন্য তৈরি, যা শহরের মূল কেন্দ্রের চাপ অনেকাংশে কমিয়ে আনবে।” তিনি আরও ঘোষণা দেন যে, যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে সমগ্র শহরকে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হবে।
জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে প্রতিমন্ত্রী অমিত আশ্বস্ত করে বলেন, “গত বর্ষায় মানুষ যে পরিমাণ কষ্ট পেয়েছে, আগামী মৌসুমে তার সিংহভাগ লাঘব হবে ইনশাআল্লাহ। আমার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী শহরের ড্রেনেজ ব্যবস্থার কাজ দ্রুতগতিতে চলছে, যা বর্ষার আগেই শেষ হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পৌর প্রশাসক রফিকুল হাসান এবং জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ছবি-সংগৃহীত


