আন্তর্জাতিক ডেস্ক | স্ফুলিঙ্গ: রমজানের রহমত ও মাগফেরাতের দিনগুলো শেষে মুসলিম উম্মাহর দ্বারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। এরই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতের আকাশে শাওয়াল মাসের নতুন চাঁদের দেখা মিলেছে। বুধবার (১৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টার দিকে আবুধাবিতে অবস্থিত খতম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে বিশেষ প্রযুক্তির ক্যামেরায় এই চাঁদের ছবি ধারণ করা হয়।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের (আইএসি) বরাতে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজ এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। আইএসি-র বিশেষজ্ঞ দল— আনাস মোহাম্মদ, ওসামা ঘান্নাম ও খালফান আল নাইমি এই পর্যবেক্ষণটি সম্পন্ন করেন। বিশেষায়িত ক্যামেরার মাধ্যমে এই ঐতিহাসিক মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করেন মোহাম্মদ আওদা।
প্রকাশিত তথ্যানুযায়ী, যেদিন ছবিটি তোলা হয়, সেদিন সূর্য থেকে চাঁদের কৌণিক দূরত্ব ছিল ৯.২ ডিগ্রি। ওই সময়ে চাঁদের বয়স ছিল মাইনাস ১৫ ঘণ্টা ২৩ মিনিট। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, দিনের আলোতে বিশেষ প্রযুক্তির সাহায্যে এ ধরনের পর্যবেক্ষণ ঈদের সম্ভাব্য তারিখ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ইতোমধ্যেই অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। তবে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পর। সাধারণত এই বৈজ্ঞানিক তথ্যের ওপর ভিত্তি করেই ধর্মীয় কর্তৃপক্ষ শাওয়াল মাসের সূচনা ও ঈদের দিন ঘোষণা করে থাকে।
প্রতীকী-ছবি


