স্ফুলিঙ্গ ডেক্স :
গাজীপুর মহানগরীর বাসন থানার পালেরপাড়া এলাকায় ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নৃশংস এই হত্যাকাণ্ডের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি ও নিহতের মাদকাসক্ত স্বামী মো. আলম হোসেনকে (২৯) বরিশাল থেকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিকেলে গাজীপুর জেলা পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল আক্তার এ তথ্য নিশ্চিত করেন।
পিবিআই জানায়, প্রায় ছয় বছর আগে পোশাকশ্রমিক মিম আক্তারের (২৮) সঙ্গে অটোরিকশাচালক আলমের বিয়ে হয়। তাঁদের সংসারে তিন বছরের একটি সন্তান রয়েছে। স্বামী আলম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং জুয়ায় আসক্ত ছিলেন।
তদন্ত সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই মিম তাঁর বেতনের জমানো ৫ হাজার টাকা ঘরে রেখে দেন। ২৭ জুলাই রাতে আলম কাউকে না জানিয়ে সেই টাকা চুরি করে জুয়া খেলে পুরোটা হেরে যান। পরদিন মিম ওষুধ কেনার জন্য টাকা খুঁজতে গেলে বিষয়টি জানাজানি হয় এবং এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ বাঁধে। একপর্যায়ে আলম ও তাঁর মা জাহানারা বেগম মিলে মিমকে মারধর করেন। ভয়ে মিম প্রথমে বোনের বাড়ি চলে গেলেও পরে পারিবারিক সমঝোতায় নিজ ঘরে ফেরেন।
পরবর্তীতে ২৮ জুলাই শেষ রাতে (ভোর ৩টা থেকে ৪টার মধ্যে) মিম ঘুমিয়ে পড়লে আলম ও তাঁর সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে মিমের মাথা ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনায় বাসন থানায় মামলা দায়ের হলে পিবিআই তদন্তে নামে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ৩০ জুলাই ভোরে বরিশালের কোতোয়ালি থানার লঞ্চঘাট এলাকা থেকে অভিযুক্ত আলম হোসেনকে গ্রেফতার করে পিবিআইয়ের একটি চৌকস দল।
সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, আলমের মাদকাসক্তি ও জুয়ার টাকার জন্য পারিবারিক কলহই এই বর্বরোচিত হত্যাকাণ্ডের মূল কারণ। গ্রেফতারকৃত আলমকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। ছবি সংগৃহীত।

