স্ফুলিঙ্গ রিপোর্ট :
পবিত্র আশুরা উপলক্ষে হযরত ইমাম হুসাইন (রা.)-এর স্মরণে যশোরে আলোচনা সভা, দোয়া ও তবারক বিতরণের আয়োজন করা হয়েছে। একই সাথে শহরের ঐতিহাসিক মুড়লী ইমামবাড়ি রক্ষা ও পুকুর সংস্কারের দাবিতে এক মানববন্ধনের আয়োজন করেন স্থানীয়রা।
শুক্রবার (৩১ জুলাই ২০২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত যশোর শহরের মুড়লী ইমামবাড়িতে নানা কর্মসূচি পালন করেন শত শত ধর্মপ্রাণ মানুষ।
আলোচনা সভায় বক্তারা কারবালার ট্র্যাজেডি ও তাৎপর্য তুলে ধরে বলেন, “সত্য, ইনসাফ ও মূল আদর্শ রক্ষায় হযরত ইমাম হুসাইন (রা.)-এর অনমনীয় সংগ্রাম মানবজাতির জন্য চিরন্তন দিকনির্দেশনা। অন্যায়ের বিরুদ্ধে তাঁর আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে।”
এদিকে দুপুরে ‘দানবীর হাজী মোহাম্মদ মহসীন ইমামবাড়ি কার্যকরী সমন্বয় পরিষদ’-এর ব্যানারে ইমামবাড়ি সংলগ্ন এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ ও পুকুর সংস্কার না করায় ঐতিহাসিক এই ইমামবাড়িটি বর্তমানে ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। তদুপরি, সীমানা ঘেঁষে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের ফলে ঐতিহ্যবাহী এই স্থাপত্যের ক্ষতি সাধন হচ্ছে। অবিলম্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ঐতিহাসিক স্থানটি সংরক্ষণে প্রত্নতত্ত্ব বিভাগ ও স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি করেন তাঁরা।
অনুষ্ঠানে খুলনা ইমামীয়া আওলাদের সভাপতি সৈয়দ ইব্রাহিম খলিল রাজাবী, মুড়লী ইমামবাড়ির সভাপতি এহতেশামুল আলম (পথিক) ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামসহ স্থানীয় ধর্মীয় ও সামাজিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ফাইল ছবি সংগৃহীত।

