স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরে কোতোয়ালি থানা পুলিশ পৃথক দুই অভিযান চালিয়ে দুই ধারালো চাকুসহ এক কিশোর ও এক তরুণকে আটক করেছে। আটককৃতরা হলেন— মিরাজুল ইসলাম (১৯) এবং ১৬ বছর বয়সী কিশোর হায়দার আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের ফাস্টফুড ব্যবসায়ী ইকরামুল হোসেন আরিফকে ধারালো চাকু দিয়ে আঘাত করে গুরুত্বর আহত করেন মিরাজুল ইসলাম। ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয় উৎসুক জনতা তাকে হাতেনাতে ধরে ফেলে এবং পরবর্তীতে পুলিশের নিকট হস্তান্তর করে। এ ঘটনায় মিরাজুলের নামে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, শহরের ব্যস্ততম এলাকা দড়াটানা পুলিশ বক্সের আশেপাশে দীর্ঘক্ষণ সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ১৬ বছরের কিশোর হায়দার আলী। তার চলাফেরায় সন্দেহ হলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তার শরীর তল্লাশি করে একটি দেশীয় ধারালো চাকু উদ্ধার করেন। এ ঘটনায় হায়দারের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে পৃথক একটি মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ছিনতাইসহ নানা অপরাধ রুখতে তাদের এমন বিশেষ ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ফাইল ছবি সংগৃহীত।


