ফ্যানের সাথে ঝুলছিল বিইউ শিক্ষার্থীর অর্ধগলিত লাশ!

ফ্যানের সাথে ঝুলছিল বিইউ শিক্ষার্থীর অর্ধগলিত লাশ!

স্ফুলিঙ্গ ডেক্স :

বরিশাল বিশ্ববিদ্যায়লয় (ববি) সংলগ্ন একটি ছাত্রাবাসের তালাবদ্ধ কক্ষ থেকে তীব্র পচা দুর্গন্ধ ছড়ানোর সূত্র ধরে উচ্ছ্বাস কর্মকার (২৬) নামে এক শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাঁর নিথর দেহ পাওয়া যায়।

নিহত উচ্ছ্বাস কর্মকার বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি খুলনা জেলার পাইকগাছা উপজেলায়।

গতকাল বুধবার (২২ জুলাই ২০২৬) সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ভোলা-বরিশাল জাতীয় মহাসড়ক সংলগ্ন এক মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ওই ভবনের নিচতলার একটি কক্ষে একা অবস্থান করতেন উচ্ছ্বাস। গত কয়েক দিন যাবৎ তাঁর ঘরের দরজার সিটকিনি ভেতর থেকে বন্ধ ছিল এবং বাইরে তাঁর কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে ঘরটি থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করলে মেসের অন্যান্য কক্ষে থাকা সহপাঠী ও শিক্ষার্থীরা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেন।

সংবাদ পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীতে সবার উপস্থিতিতে বন্ধ ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফ্যানের সাথে ফাঁস দেওয়া অবস্থায় উচ্ছ্বাসের অর্ধগলিত দেহ ঝুলতে দেখা যায়। কয়েক দিন পূর্বে মৃত্যু হওয়ায় পচন ধরেছিল বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মরদেহের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে মনে হচ্ছে ঘটনাটি বেশ কয়েক দিন আগের। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর সঠিক ও প্রকৃত কারণ বের করতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *