স্ফুলিঙ্গ রিপোর্ট :
নড়াইলের লোহাগড়ায় পাওনা ১৮ হাজার টাকা চাওয়ায় প্রতিবন্ধী ফকির আলীনুরকে পিটিয়ে ও কুপিয়ে নৃসংশভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মূল দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। মামলা দায়েরের মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি সফল দূরপাল্লার অভিযান চালিয়ে ফরিদপুর ও সাতক্ষীরা থেকে এই দুই ঘাতক সহোদরকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ভোর রাত ০৩:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে প্রথম সফল অভিযানটি পরিচালনা করে র্যাব-৬, সিপিসি-৩ (যশোর) এবং ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ দল। তারা ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন হাসামদিয়া এলাকায় অভিযান চালিয়ে মামলার ২ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি রহমান শেখকে (২৫) গ্রেফতার করে।
ফরিদপুরে ২ নম্বর আসামি রহমান ধরা পড়ার পর স্বল্প সময়ের ব্যবধানে আজ রাত ২০:২০ ঘটিকায় সাতক্ষীরায় আঘাত হানে র্যাব। র্যাব-৬ (যশোর) ও র্যাব-৬ (সাতক্ষীরা) ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানাধীন গাংনিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মামলার ১ নম্বর প্রধান আসামি ও মূল পরিকল্পনাকারী রাজিব শেখকে (৪৫) গ্রেফতার করে। গ্রেফতারকৃত ১ নম্বর আসামি রাজিব শেখ ও ২ নম্বর আসামি রহমান শেখ নড়াইল জেলার লোহাগড়া থানার কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে।
মামলার এজাহার ও র্যাব সূত্রের বরাতে জানা যায়, ভিকটিম প্রতিবন্ধী আলীনুর এবং আসামিরা একই গ্রামের বাসিন্দা। প্রায় ৫ মাস আগে ব্যবসা করার কথা বলে আলীনুরের কাছ থেকে ১৮ হাজার টাকা ধার নেন ১ নম্বর আসামি রাজিব শেখ। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টাকা ফেরত না দিয়ে ঘুরাতে থাকেন তিনি।
এরই ধারাবাহিকতায় গত ১৮ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৯:১০ ঘটিকার সময় আলীনুর নিজের পাওনা টাকা চাইলে রাজিব তাঁকে গ্রামের কুমারডাঙ্গা প্রাইমারি স্কুল মাঠে আসতে বলেন। প্রতিবন্ধী আলীনুর তাঁর ভাই ও ভগ্নিপতিকে সাথে নিয়ে সেখানে পৌঁছামাত্রই পূর্ব থেকে ওত পেতে থাকা রাজিব ও তাঁর ভাই রহমানসহ অন্য সহযোগীরা রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড ও লাঠিসোটা নিয়ে তাঁদের ওপর পৈশাচিক হামলা চালায়। কুপিয়ে ও পিটিয়ে আলীনুরকে মারাত্মক জখম করা হয়। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসারত অবস্থায় আলীনুর মারা যান।
উক্ত ঘটনায় নিহতের ভাই আমিনুল ফকির বাদী হয়ে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যেই ফরিদপুর ও সাতক্ষীরায় সফল অভিযান চালিয়ে প্রধান দুই আসামিকে গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য নড়াইল জেলার লোহাগড়া থানায় হস্তান্তর করেছে র্যাব। ছবি সংগৃহীত।


