৭ আগস্টের মধ্যে ভোট না হলে বর্তমান কমিটি ‘অবৈধ’

৭ আগস্টের মধ্যে ভোট না হলে বর্তমান কমিটি ‘অবৈধ’

স্ফুলিঙ্গ রিপোর্ট :

প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ‘প্রেসক্লাব যশোর’-এর নির্বাচন নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র অনিশ্চয়তা ও অসন্তোষ। আগামী ৭ আগস্টের নির্দিষ্ট সময়ের মধ্যে দ্বিবার্ষিক নির্বাচন আয়োজনের কঠোর দাবি জানিয়েছে ‘প্রেসক্লাব যশোর নির্বাচন বাস্তবায়ন কমিটি’। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে বর্তমান কার্যনির্বাহী কমিটিকে ‘অবৈধ ও মেয়াদোত্তীর্ণ’ হিসেবে লালকার্ড দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন সাধারণ সাংবাদিকরা।

আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুরে প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক গোলাম মাজেদ মিলনায়তনে আয়োজিত জরুরি সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি দৈনিক কল্যাণ এর সম্পাদক একরাম-উদ-দ্দৌলা।

পরিস্থিতি সামাল দেওয়া এবং গঠনতন্ত্র অনুযায়ী দ্রুত নির্বাচন আদায়ের লক্ষ্যে ১১ সদস্যের একটি শক্তিশালী ‘কোর কমিটি’ গঠন করা হয়েছে। জ্যেষ্ঠ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার নেতৃত্বে গঠিত এই প্যানেলে রয়েছেন বিনয় কৃষ্ণ মল্লিক, আকরামুজ্জামান, ফকির শওকত, আনোয়ারুল কবির নান্টু, মবিনুল ইসলাম মবিন, আহসান কবির, আমিনুর রহমান মামুন, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, নূর ইসলাম ও সরোয়ার হোসেন। ৭ আগস্টের পর যেকোনো অপ্রীতিকর সিদ্ধান্ত প্রতিহত করতে এই কমিটি কাজ করবে।

আজকের সভায় উপস্থিত জ্যেষ্ঠ ও তরুণ সাংবাদিকরা বর্তমান মেয়াদের কর্মকর্তাদের বিরুদ্ধে চরম ব্যর্থতার অভিযোগ তোলেন। তারা বলেন, ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পর থেকে বর্তমান নেতৃত্ব ক্লাবের মানোন্নয়ন কিংবা নতুন সদস্যপদ প্রদান—কোনো ক্ষেত্রেই ন্যূনতম কাজ করেনি। বরং গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য নানা নাটকীয়তা ও সময়ক্ষেপণ করা হচ্ছে।

সাংবাদিক নেতারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, কতিপয় ব্যক্তির নিজস্ব স্বার্থে পুরো ঐতিহ্যবাহী প্রেসক্লাবকে জিম্মি করার যেকোনো চক্রান্ত প্রতিহত করা হবে এবং ৭ আগস্টের নির্বাচন ছাড়া অন্য কোনো আপস মেনে নেওয়া হবে না।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম সজল, জুয়েল মৃধা, এইচ. আর. তুহিন, তৌহিদ জামান, তহীদ মনি, গোপীনাথ দাস, মির্জা বদরুজ্জামান টুনু, আব্দুল্লাহ হুসাইন, রাজেক জাহাঙ্গীর, বি. এম. আসাদ, এস. এম. সোহেল, জি. এম. সোহরাব হোসেন, মুর্শিদুল আজিম হিরু, রকিব হোসেন স্বপন, গালিব হাসান পিল্টু, হাসফিকুর রহমান পরাগ সহ সাধারণ সদস্যবৃন্দ।ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *