চোরে না শুনে ধর্মের কাহিনী!

চোরে না শুনে ধর্মের কাহিনী!

স্ফুলিঙ্গ ডেক্স :

অনুতপ্ত হওয়ার ভান করে দিনে ১০০ রাকাত নফল নামাজ পড়ে তওবা করলেও শেষ রক্ষা হলো না মো. ফয়জুল করিম (৩০) নামের এক যুবকের। চুরির অপবাদ থেকে বাঁচতে স্থানীয়দের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করলেও কয়েক ঘণ্টার ব্যবধানেই মাদক সেবন ও বিক্রির অভিযোগে পুলিশের খাঁচায় বন্দি হয়েছেন তিনি। গতকাল শুক্রবার (১৭ জুলাই) রাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ফকির আস্তানা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃত ফয়জুল করিম ওই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার বিকেলে একটি মোবাইল ফোন ও একটি লেডিস ব্যাগ চুরির অভিযোগে ফয়জুল করিমকে হাতেনাতে আটক করে এলাকাবাসী। আটকের পর ফয়জুল নিজেকে নির্দোষ দাবি করে কান্নাকাটি শুরু করেন এবং ভবিষ্যতে আর কখনো অপরাধের পথে পা বাড়াবেন না বলে প্রতিশ্রুতি দেন। তার এমন অনুনয়-বিনয় দেখে স্থানীয়রা মারধর না করে, তাকে সংশোধনের একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। শর্ত দেওয়া হয়, তাকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করতে হবে এবং তওবা করতে হবে। ফয়জুলও সেই শর্ত মেনে সবার সামনে নামাজ আদায় করে তওবা করেন এবং মুক্তি পান।

তবে স্থানীয়দের এই সরল বিশ্বাসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঠিক ওই রাতেই ফয়জুল আবার তার চেনা অপরাধের জগতে ফিরে যান। গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশ রাতে অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির সুনির্দিষ্ট অভিযোগে ফয়জুলকে গ্রেপ্তার করে।

ফয়জুলের এমন দুমুখো আচরণের খবরে ফকির আস্তানা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় এক যুবক হতাশা প্রকাশ করে বলেন, ‘চোরের মুখে ধর্মের কাহিনী যে শুধুই প্রবাদ নয়, তা ফয়জুল প্রমাণ করল। মানবিক কারণে এবং সে ভালো হবে ভেবে আমরা তাকে ক্ষমা করেছিলাম। কিন্তু রাতেই আবার মাদকসহ ধরা পড়ার খবর শুনে আমরা স্তব্ধ। আসলে মানুষ নিজে থেকে না বদলালে তাকে কেউ ভালো করতে পারে না।’ আরেক স্থানীয় তরুণ জানান, ধর্মীয় আবেগের মূল্যায়ন না করে কয়েক ঘণ্টার মধ্যে পুনরায় অপরাধে জড়ানো সত্যিই অত্যন্ত দুঃখজনক।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান:“চুরির অভিযোগে স্থানীয় জনতা ওই যুবককে ১০০ রাকাত নফল নামাজ আদায় করিয়ে ছেড়ে দিয়েছিল বলে আমরা জানতে পেরেছি। কিন্তু তার স্বভাব বদলায়নি। রাতেই মাদক সেবন ও কেনাবেচার অভিযোগে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার (১৮ জুলাই) যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।” ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *