স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ৭০ পিস অবৈধ ও নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ মো. শরিফুল ইসলাম (৩১) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জুলাই ২০২৬) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে যশোর কোতয়ালী মডেল থানাধীন কচুয়া ইউনিয়ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শরিফুল ইসলাম যশোর কোতয়ালী মডেল থানার ১৩ নম্বর কচুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. মতিয়ার মোল্লা ও মোছাঃ রহিমা বেগমের ছেলে।
ডিবি পুলিশ সূত্র জানায়, কচুয়া ইউনিয়ন এলাকায় মাদক বেচাকেনা ও পাচারের উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছে— এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে যশোর ডিবির উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি চৌকস টিম নিয়ে ওই এলাকায় অভিযানে নামেন। আভিযানিক দলটি বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে কচুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. রফিকুলের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর পৌঁছালে সন্দেহভাজন শরিফুল ইসলামকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে হেফাজত থেকে মোট ৭০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, আটককৃত আসামির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিস্তার রোধে ডিবি পুলিশের এমন আকস্মিক ও বিশেষ অভিযান জেলা জুড়ে কঠোরভাবে অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

