ইজিবাইকে করে ইয়াবা পাচারের ফন্দি ভেস্তে দিল শার্শা থানা পুলিশ : আটক ৪

ইজিবাইকে করে ইয়াবা পাচারের ফন্দি ভেস্তে দিল শার্শা থানা পুলিশ : আটক ৪

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের শার্শা থানা পুলিশের এক বিশেষ অভিযানে মাদক বহনে ব্যবহৃত একটি ইজিবাইক ও ৩৫ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই ২০২৬) রাত ৮টার দিকে শার্শা উপজেলার বসতপুর এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, শার্শা উপজেলার বসতপুর বাজারের পশ্চিম পাশে মাদক কেনাবেচা ও পাচারের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি অবস্থান করছে— এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি চৌকস আভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযানে নামে। টহল পুলিশ বসতপুর বাজারের পশ্চিম পাশে নুর মোহাম্মদের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর একটি সন্দেহভাজন সবুজ রঙের পুরাতন ইজিবাইক থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ইজিবাইকে থাকা ওই চার ব্যক্তিকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে তাদের হেফাজত থেকে মোট ৩৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক বহনের দায়ে ইজিবাইকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। আটককৃতরা হলেন— শার্শা উপজেলার সবিনুর মোল্লা (৩৫), পারভেজ হোসেন (২৬), নয়ন বিশ্বাস (৩০) ও হাবিবুর রহমান হাবিব (৩২)। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:”আটককৃত আসামিদের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। “ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *