যশোরে পৃথক সহিংসতা ও দুর্ঘটনায় ৩ নারীসহ আহত ৫

যশোরে পৃথক সহিংসতা ও দুর্ঘটনায় ৩ নারীসহ আহত ৫

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের অভয়নগর, বেনাপোল ও ঝিকরগাছাসহ জেলা জুড়ে গত ২৪ ঘণ্টায় জমিজমা সংক্রান্ত বিরোধ, পারিবারিক কলহ এবং বেপরোয়া গতির মোটরসাইকেল দুর্ঘটনার পৃথক ৩টি ঘটনায় কিশোর ও নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাতে জানা গেছে, আহতরা সবাই বর্তমানে আশঙ্কামুক্ত।

শংকরপুরে জমি নিয়ে সংঘর্ষে ৩ নারী আহত: যশোর শহরের শংকরপুর এলাকায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৩ জন নারী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন— শংকরপুর ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আতর আলীর স্ত্রী জাহানারা বেগম (৫৫), শফিকের স্ত্রী রেশমা (৪০) এবং সিরাজুলের স্ত্রী রোকেয়া (৪৫)। জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে গত বৃহস্পতিবার দুই পক্ষের  মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে এই ৩ নারী আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতরা বর্তমানে তৃতীয় তলার মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

বেনাপোলে ছোট ভাইয়ের রামদার কোপে বড় ভাই রক্তাক্ত: যশোরের বেনাপোলে পারিবারিক কলহের জেরে আপন ছোট ভাইয়ের ধারালো রামদার কোপে ফিরোজ (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে শার্শা উপজেলার বারোপোতা গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। আহত ফিরোজ ওই গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

অভিযোগ রয়েছে, পারিবারিক বিরোধের জেরে ফিরোজের আপন ছোট ভাই মনির আহমেদ (৪৮) আচমকা ধারালো রামদা দিয়ে ফিরোজের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ফিরোজ রক্তাক্ত জখম হলে পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করেন। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

ঝিকরগাছায় রং সাইডের বাইকের ধাক্কায় কিশোর আহত: যশোর-ঝিকরগাছা সড়কের দরগা এলাকায় উল্টো পথ (রং সাইড) দিয়ে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুরাদ (১৬) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঝিকরগাছা উপজেলার দরগা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত মুরাদ যশোর শহরের বকচর এলাকার মিজানুর রহমানের ছেলে।

জানা যায়, মুরাদ নিজের মোটরসাইকেল চালিয়ে যশোর থেকে ফুলের রাজধানী খ্যাত ঝিকরগাছার গদখালীর উদ্দেশ্যে যাচ্ছিল। পথে দরগা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে রং সাইডে আসা আরেকটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মুরাদ সড়ক ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তার সাথে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পৃথক তিনটি ঘটনার আহতদের চিকিৎসা চলছে এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট থানাগুলোতে আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *