স্ফুলিঙ্গ রিপোর্ট :
জাতীয় মানবিক সহায়তা ও উন্নয়ন সংস্থা ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’-এর অরফ্যান কেয়ার প্রোগ্রামের আওতায় যশোরের ৭৮ জন সুবিধাবঞ্চিত ও এতিম শিশুর মাঝে তিন মাসের পুষ্টিকর খাদ্যসামগ্রী, উন্নত হাইজিন প্যাক, নতুন পোশাক এবং জুতা-মোজা বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সকাল ১০টায় যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কাজিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই উৎসবমুখর ও মানবিক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্থাটি জানায়, দেশজুড়ে মোট ৪০০ জন এতিম শিশুকে টেকসই সহায়তা প্রদানের একটি বিশেষ কর্মসূচির অংশ হিসেবে প্রথম ধাপে যশোরের ৭৮ জন শিশুকে এই ব্যাপক সহায়তা দেওয়া হলো।
ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের যশোর জেলা প্রতিনিধি মুন্সি নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার অরফ্যান কেয়ার প্রোগ্রামের অন্যতম শীর্ষ কর্মকর্তা সাজিদ আল আহাদ। তিনি উপস্থিত শিশুদের হাতে দীর্ঘমেয়াদি খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন।
উপহারের থলিতে যা ছিল: বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে প্রতিটি শিশুর জন্য অত্যন্ত পুষ্টিকর ও মানসম্মত উপাদানের ব্যবস্থা করা হয়। যার মধ্যে ছিল— ৩০ কেজি চাল, ৬ কেজি সয়াবিন তেল, ৩ কেজি মসুর ডাল, ৩ কেজি চিনি, ১.৫ কেজি দুধের গুঁড়া, ৩টি হরলিক্স, ৩ প্যাকেট নুডুলস, ১.৫ কেজি বাদাম, ৩টি বিস্কুটের জার, ৩ বক্স চকলেট এবং ৬ কেজি তাজা মৌসুমি ফল।
একই সাথে শিশুদের স্বাস্থ্যবিধি (হাইজিন) নিশ্চিত করতে প্রতিটি প্যাকে দেওয়া হয়— ৪টি টুথপেস্ট, ৪টি টুথব্রাশ, ৬টি গোসলের সাবান, ১২টি কাপড় কাচার সাবান, ৪টি হ্যান্ডওয়াশ, ৪টি বডি লোশন, ৪টি পেট্রোলিয়াম জেলি, একটি চিরুনি ও একটি উন্নত নেল কাটার। এছাড়া আসন্ন দিনগুলোর জন্য প্রতিটি শিশুকে তাদের পরিমাপ অনুযায়ী আকর্ষণীয় নতুন পোশাক, জুতা ও মোজা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সফল করতে স্বেচ্ছাসেবী হিসেবে অক্লান্ত পরিশ্রম করেন তায়জেল, শাফিন, মনির, মুজাহিদ, আবু হাসান, সাহাজুর, ফারুক, মামুন, আমির হামজা, কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও তরুণেরা।
আয়োজক সংস্থার কর্মকর্তারা জানান, সমাজের অবহেলিত ও পিতৃহীন এতিম শিশুদের পুষ্টি, দৈনিক স্বাস্থ্যবিধি এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করার মাধ্যমে তাদের মূলধারায় টিকিয়ে রাখতেই ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ নিয়মিতভাবে দেশজুড়ে এ ধরনের বৃহৎ ও সুপরিকল্পিত মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।


