স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কোতয়ালী থানা এলাকায় এক বিশেষ ঝটিকা অভিযান চালিয়ে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন আন্তর্জাতিক অনলাইন জুয়া ও বেটিং সাইটের ২ জন সক্রিয় স্থানীয় এজেন্টকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার (১৫ জুলাই ২০২৬) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটের সময় কোতয়ালী মডেল থানাধীন আরবপুর ইউনিয়নের ধর্মতলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— যশোর জেলার শার্শা থানাধীন গোকর্ণ (পোস্ট- পাকশিয়া) গ্রামের মো. হাফিজুর রহমান ও সালমা বেগমের ছেলে মো. ইমদাদুল হক ওরফে জিসান (২৪) এবং একই থানার ট্যাংরালী (পোস্ট- পাকশিয়া বাজার) গ্রামের মো. শরিফুল ও মোছা. ডলি খাতুনের ছেলে মো. তৌহিদুজ্জামান ওরফে রাসেল (২৪)। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) ধৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত একদল যুবক ধর্মতলা এলাকায় অবস্থান করে coin30.live, MAN99, bet365, BB44.COM, bdworld.Live, BDBet.me, MCW Casino, Gold1x, 1xbet সহ সরকারের নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন আন্তর্জাতিক বেটিং সাইটের লোকাল এজেন্ট হিসেবে অবৈধ জুয়া পরিচালনা আসছিল। তারা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অবৈধ অর্থনৈতিক লেনদেন ও ই-ট্রানজেকশন (হুন্ডি) করে আসছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে সাইবার ক্রাইম সেলের উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নুল আবেদীনের নেতৃত্বে একটি চৌকস টিম সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ৪-৫ জন ব্যক্তি অন্ধকারের মধ্যে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ফোর্সের সহায়তায় ধাওয়া করে জিসান ও রাসেলকে হাতেনাতে আটক করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করে জুয়া পরিচালনায় ব্যবহৃত ৩টি আধুনিক টাচ মোবাইল ফোন এবং তাদের ব্যবহৃত ১টি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে এই অঞ্চলে অনলাইন জুয়ার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছিল। জব্দকৃত মোবাইল ফোনগুলো পরীক্ষা করে আন্তর্জাতিক জুয়াড়িদের সাথে যোগাযোগ ও বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অকাট্য তথ্য-প্রমাণ ও ডিজিটাল আলামত উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা ও জুয়া আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং চক্রের বাকি পলাতক সদস্যদের ধরতে সাইবার সেলের অভিযান অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।


