স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল কোতয়ালী থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০ বোতল নিষিদ্ধ ও অবৈধ ভারতীয় কোডিন ফসফেটযুক্ত ‘ESKUF’ (এসকাফ) কাফ সিরাপসহ এক মাদককারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার (১৫ জুলাই ২০২৬) রাত ৯টা ১০ মিনিটের সময় কোতয়ালী থানাধীন ১২ নং ফতেপুর ইউনিয়নের হামিদপুর গ্রামস্থ যশোর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদককারবারির নাম মো. গোলাম মোস্তফা (৫০)। সে যশোর জেলার চৌগাছা থানাধীন কুষ্টিয়া রামভদ্রপুর (পোস্ট- মুক্তারপুর) গ্রামের মৃত আদিল উদ্দিন ও পরিছোন বিবির ছেলে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মাদকের একটি বড় চালান যশোর শহর অভিমুখে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য হামিদপুর টেকনিক্যাল স্কুলের সামনে যশোর-নড়াইল মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেন।
তল্লাশিকালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ‘আল-আরাফাহ এক্সপ্রেস লিমিটেড’ নামের একটি যাত্রীবাহী বাস সেখানে পৌঁছালে পুলিশ বাসটি থামিয়ে ভেতরে চিরুনি তল্লাশি চালায়। এ সময় বাসের সিটে বসা যাত্রী গোলাম মোস্তফার আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় কোডিন ফসফেটযুক্ত অবৈধ মাদকদ্রব্য এসকাফ (ESKUF) কাফ সিরাপ উদ্ধার করা হয়।
যশোর জেলা গোয়েন্দা শাখা জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মোস্তফা স্বীকার করেছে যে, সে সীমান্ত এলাকা থেকে এই নিষিদ্ধ সিরাপ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বাসে করে নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আজ দুপুরে কড়া পুলিশি পাহারায় আসামিকে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের রুট ও এর নেপথ্য সিন্ডিকেট শনাক্তে ডিবির অভিযান অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।

