স্ফুলিঙ্গ রিপোর্ট :
প্রাথমিক শিক্ষা সমাপনী পর্যায়ের বৃত্তি পরীক্ষায় চমৎকার মেধার স্বাক্ষর রেখে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে যশোর সরকারি জেলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. ইরফান হোসাইন। এবারের বৃত্তি পরীক্ষায় তার রোল নম্বর ছিল ১৪।
মেধাবী এই শিক্ষার্থী যশোর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী এ এইচ এম মাহমুদ হাসান এবং গৃহিণী কাজী দীপার ছেলে। বর্তমানে সে পরিবারের সাথে যশোর শহরের বকচর মসজিদপাড়া এলাকায় বসবাস করছে।
নিজের এই গৌরবময় সাফল্যের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ইরফান জানায়, এই অর্জনের পেছনে তার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা ছিল। সাফল্যের জন্য সে সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতে একজন দক্ষ সিভিল ইঞ্জিনিয়ার হয়ে দেশের অবকাঠামোগত উন্নয়নে অবদান রাখাই তার প্রধান স্বপ্ন বলে জানিয়েছে ইরফান।
ইরফানের এই কৃতিত্বে তার পরিবার, শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। ছেলের এই ধারাবাহিক সাফল্যে তার পিতা-মাতা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করার পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সাথে তারা ইরফানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।ছবি সংগৃহীত।

