যশোর হাসপাতালে চিকিৎসা করাতে এসে সর্বস্বান্ত মনিরামপুরের রাবেয়া !

যশোর হাসপাতালে চিকিৎসা করাতে এসে সর্বস্বান্ত মনিরামপুরের রাবেয়া !

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে এক অসহায় নারীর ভ্যানিটি ব্যাগ কেটে নগদ ৭ হাজার টাকা চুরির এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আজ শনিবার (১১ জুলাই ২০২৬) হাসপাতালের ইসিজি কক্ষের সামনে ১৩১ নম্বর রুমের পাশে অপেক্ষারত অবস্থায় ভিড়ের মধ্যে এই চুরির ঘটনা ঘটে। শাশুড়ির জরুরি চিকিৎসার জন্য ধারদেনা করে আনা সম্বলটুকু হারিয়ে ভুক্তভোগী নারী ও তাঁর স্বজনেরা এখন চরম দিশেহারা হয়ে পড়েছেন।

ভুক্তভোগী ও হাসপাতাল সূত্রে জানা যায়, যশোর জেলার মণিরামপুর উপজেলার কাশিমনগর গ্রামের বাসিন্দা মোসাম্মৎ রাবেয়া বসরী তাঁর অসুস্থ শাশুড়ির উন্নত চিকিৎসার জন্য আজ শনিবার সকালে যশোর জেনারেল হাসপাতালে আসেন। দুপুরের দিকে হাসপাতালের নতুন ভবনের ইসিজি কক্ষের সামনে ১৩১ নম্বর রুমের পাশে শাশুড়িকে নিয়ে ডাক্তারের সিরিয়ালের জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় রোগীদের প্রচণ্ড ভিড়ের সুযোগ নিয়ে অজ্ঞাতনামা কোনো সুচতুর পকেটমার বা চোরচক্রের সদস্য ধারালো ব্লেড দিয়ে রাবেয়া বসরীর সাথে থাকা ভ্যানিটি ব্যাগটি সুকৌশলে কেটে ফেলে।

পরবর্তীতে ডাক্তার দেখানোর ফি ও পরীক্ষার খরচ দেওয়ার জন্য ব্যাগ খুলতেই রাবেয়া বসরী দেখতে পান তাঁর ব্যাগের নিচের অংশ কাটা এবং ভেতরে শাশুড়ির চিকিৎসার জন্য রাখা নগদ ৭ হাজার টাকা গায়েব হয়ে গেছে। হাসপাতালের মতন একটি সুরক্ষিত ও জনবহুল সরকারি স্থানে দিনের আলোতে এমন চুরির ঘটনায় কান্নায় ভেঙে পড়েন ওই নারী।

পরবর্তীতে ভুক্তভোগী পরিবারটি তাৎক্ষণিকভাবে হাসপাতাল চত্বরে দায়িত্বরত পুলিশ বক্সে গিয়ে বিষয়টি লিখিতভাবে অবহিত করেন এবং চোর শনাক্তের দাবি জানান।

এই ঘটনার পর হাসপাতাল ও পুলিশ বক্সের সামনে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী রাবেয়া বসরী ও তাঁর স্বজনেরা বলেন, “হাসপাতালে প্রতিদিন দূর-দূরান্ত থেকে গরিব ও অসহায় মানুষ চিকিৎসার জন্য আসে। কিন্তু এখানে প্রতিনিয়ত চোর ও দালাল চক্রের সদস্যরা ওত পেতে থাকে। আমরা হাসপাতালের সার্বিক নিরাপত্তা জোরদার করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।”

হাসপাতাল পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর তাঁরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছেন এবং হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে জড়িত চোরকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *