আর্জেন্টিনা-মিশর ম্যাচের শেষ বাঁশিতেই ধুন্ধুমার!

আর্জেন্টিনা-মিশর ম্যাচের শেষ বাঁশিতেই ধুন্ধুমার!

মোঃ মাসুদ রানা কালীগঞ্জ, ঝিনাইদহ :

ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে মামুন হোসেন (২২) নামে এক আর্জেন্টিনা সমর্থক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ঐতিহ্যবাহী চাচড়া গ্রামে এই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত মামুনকে রাতেই উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফুটবল উন্মাদনাকে কেন্দ্র করে গভীর রাতে দুই দলের সমর্থকদের এমন সংঘাতের ঘটনায় সমগ্ৰ এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাতে বিশ্বকাপ টুর্নামেন্টের আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার একটি হাইভোল্টেজ ফুটবল ম্যাচ চলছিল। চাচড়া গ্রামের স্থানীয় একটি ক্লাব ঘরে দুই দলের বিপুল সংখ্যক সমর্থক একসাথে বসে বড় পর্দায় খেলাটি উপভোগ করছিলেন। খেলা চলাকালীন সময়েই উভয় পক্ষের সমর্থকদের মাঝে হালকা কথাকাটাকাটি ও স্লেজিং চলতে থাকে। পরবর্তীতে রাত ২টার দিকে খেলাটি শেষ হওয়া মাত্রই আর্জেন্টিনা ও ব্রাজিলের উগ্র সমর্থকেরা প্রথমে তীব্র বাকবিতণ্ডা ও একপর্যায়ে মারমুখী হয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

মুহূর্তের মধ্যে এই সাধারণ হাতাহাতি দুই পক্ষের সমর্থকদের মাঝে এক বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের বেশ কয়েকজন সমর্থক আহত হন। তাদের মধ্যে রামচন্দ্রপুর ও চাচড়া এলাকার স্থানীয়রা বাকিদের প্রাথমিক চিকিৎসা দিলেও গুরুতর জখম হওয়া মামুন হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, মামুনের মাথায় ও শরীরে শক্ত আঘাতের চিহ্ন রয়েছে এবং বর্তমানে তাঁকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চাচড়া গ্রামের সাধারণ মানুষ ও সচেতন মহল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ভিনদেশী ফুটবল দল নিয়ে আমাদের দেশের যুবসমাজের এমন উগ্রতা ও মারামারি কোনোভাবেই কাম্য নয়। খেলাকে খেলার ছলে না নিয়ে এভাবে নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হওয়া অত্যন্ত দুঃখজনক।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন, “গভীর রাতে চাচড়া গ্রামে খেলা দেখা নিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মাঝে একটি মারামারির ঘটনা আমরা শুনেছি। তবে এই বিষয়ে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার বা কোনো পক্ষের কাছ থেকেই থানায় লিখিত কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষেই ঘটনার সাথে জড়িত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” বর্তমানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গ্রামের পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *