১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মিজান গ্রেপ্তার

১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মিজান গ্রেপ্তার

মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ):

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকায় এক ঝটিকা মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান মিজান নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত সোমবার (১৫ জুন) রাতে উপজেলার পৌর এলাকার আড়পাড়া গ্রামের নদীপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। ধৃত মিজান ওই এলাকারই স্থায়ী বাসিন্দা।

কালীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মিজানুর রহমান মিজান এলাকার আলোচিত ও তালিকাভুক্ত নারী মাদক কারবারি রুপালী বেগমের স্বামী। স্বামী-স্ত্রী দুজনেই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সিন্ডিকেট গড়ে তুলেছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার একটি চৌকস দল আড়পাড়া নদীপাড়া এলাকায় ওত পাতে। এ সময় মিজানুর রহমানকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হলে তাঁর হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে রাতেই তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, “কালীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে এবং যুবসমাজকে রক্ষা করতে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে আড়পাড়া এলাকা থেকে ইয়াবাসহ মিজানকে গ্রেপ্তার করা হয়। সমাজ থেকে মাদক পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের এই বিশেষ ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ জানায়, আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে কড়া পুলিশি পাহারায় ঝিনাইদহ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মিজানের এই গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সচেতন এলাকাবাসী। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *