মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ:
বিশ্বজুড়ে বইছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা, আর সেই জোয়ারের ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশের অন্যতম ক্রীড়াপ্রেমী জেলা ঝিনাইদহে। আকাশী-নীল জার্সিতে মেতেছে শহর, যেন রাজপথের প্রতিটি মোড় হয়ে উঠেছে একটুকরো বুয়েনস আইরেস। আজ মঙ্গলবার (১৬ জুন) ঝিনাইদহ শহরের আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রায় দেখা গেছে হাজারো সমর্থকের জনস্রোত, যা মুহূর্তেই শহরজুড়ে সৃষ্টি করেছে নীল-সাদা রঙের এক মোহনীয় আবহ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের প্রাণকেন্দ্র কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয় এই বিশাল শোভাযাত্রা। ব্যানার, ফেস্টুন, বাংলাদেশ ও আর্জেন্টিনার বিশাল বিশাল পতাকা এবং রঙ-বেরঙের বেলুন হাতে কয়েক হাজার ভক্ত এতে অংশ নেন। শিশু থেকে বৃদ্ধ, এমনকি নারী সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বিশ্বকাপের থিম সং আর ড্রামের তালে তালে ভক্তদের নাচে-গানে পুরো শহর উৎসবের নগরীতে পরিণত হয়।
শোভাযাত্রার প্রাক্কালে শহীদ মিনার চত্বরে ভক্তদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের উপদেষ্টা সদস্য ও ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন এবং এম রায়হান।
এ সময় মাঠে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন ফ্যান ক্লাবের স্ট্রাইকার ভলেন্টিয়ার শাহীনুর রহমান লিটন, ডিফেন্ডার ভলেন্টিয়ার আহসান জিকু, কিপার ভলেন্টিয়ার শাহজাহান নবীন এবং মিডফিল্ড ভলেন্টিয়ার সামিউল পারভেজ সামি। এছাড়াও জহিরুল ইসলাম, ইনজামামুল হক, শিমুল হোসেন, সাকিব হোসেন, ইমরান, সোহাগ, নাহিদসহ শতাধিক সক্রিয় সদস্য ও সংগঠক এই ফুটবল উৎসবে অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন।
শহীদ মিনার থেকে শুরু হওয়া মূল শোভাযাত্রাটি যখন শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করছিল, তখন পাড়া-মহল্লা থেকে ছোট ছোট শত শত মিছিল এসে মূল স্রোতের সাথে মিলিত হয়। সমর্থকদের কণ্ঠে ‘আর্জেন্টিনা-আর্জেন্টিনা’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ।
আর্জেন্টিনা ফ্যান ক্লাবের স্ট্রাইকার ভলেন্টিয়ার শাহীনুর রহমান লিটন আবেগপ্লুত হয়ে বলেন, “আজকের এই বিশাল জনস্রোত প্রমাণ করে ঝিনাইদহবাসী ফুটবলকে কতটা ভালোবাসে। এই কৃতিত্ব প্রতিটি সমর্থকের। আমাদের বিশ্বাস, লিওনেল মেসির নেতৃত্বে এবারও আর্জেন্টিনা শিরোপা ধরে রাখবে। তবে জয়ের চেয়েও বড় কথা—মাঠে ফুটবলের জয় হোক। আমাদের স্বপ্ন, একদিন বাংলাদেশও এই বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করবে।”
শহর প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পুনরায় গন্তব্যে পৌঁছালে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘ সময় পর ঝিনাইদহে এমন উৎসবমুখর ও শান্তিপূর্ণ ক্রীড়া সমাবেশ শহরবাসীকে নতুন করে বিনোদনের আমেজ দিয়েছে। ফুটবল যে সীমানা ছাড়িয়ে মানুষের হৃদয়ে মেলবন্ধন ঘটায়, আজকের এই নীল-সাদা ঢেউ ছিল তারই জীবন্ত প্রমাণ।
ছবি সংগৃহীত।


