অভিনয়ে প্রথম হয়ে যশোরের মুখ উজ্জ্বল করলো আয়েশা

অভিনয়ে প্রথম হয়ে যশোরের মুখ উজ্জ্বল করলো আয়েশা

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় একক অভিনয় বিভাগে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে বাজিমাত করেছে যশোরের খুদে জিনিয়াস আয়শা বিনতে ইসরাইল। জেলা স্তরের এই অনন্য সাফল্যের হাত ধরে সে আগামী ৯ জুন খুলনায় অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ের মূল প্রতিযোগিতায় যশোর জেলার প্রতিনিধিত্ব করার গৌরবময় যোগ্যতা অর্জন করেছে।

মেধাবী এই শিশু শিল্পী যশোর সদর উপজেলার ঐতিহ্যবাহী চুড়ামনকাটি ইউনিয়নের আহসান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সে প্রথমে ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে। এরপর উপজেলা পর্যায়েও নিজের প্রতিভার স্বাক্ষর রেখে প্রথম স্থান ধরে রাখে। সর্বশেষ জেলা পর্যায়ের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসরে অংশ নিয়ে একক অভিনয় বিভাগে বিচারকদের মন জয় করে প্রথম স্থান ছিনিয়ে নেয়।

আজ রবিবার (৭ জুন ২০২৬) যশোর সদর উপজেলার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নিখুঁত ব্যবস্থাপনায় এই উৎসবমুখর প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও ক্যাবিং)’ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। তিনি বিজয়ী আয়েশার হাতে প্রথম স্থান অর্জনের গৌরবময় মেডেল ও মেধা সনদপত্র তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জি. এম. আলমগীর কবির। এ সময় জেলা ও উপজেলা শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যক্তিগত জীবনে আয়েশা এক সুশিক্ষিত ও সচেতন পরিবারের সন্তান। তাঁর বাবা মো. ইসরাইল হোসেন যশোর জেলা স্বাস্থ্য বিভাগে অত্যন্ত সুনামের সাথে কর্মরত এবং মা রিপনা খাতুন পেশায় একজন শিক্ষিকা। নিজের এই দুর্দান্ত সাফল্যের পর উচ্ছ্বসিত আয়েশা তাঁর মা-বাবার অনুপ্রেরণা ও শিক্ষকদের দিকনির্দেশনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। নিজের স্বপ্নের কথা জানিয়ে এই খুদে শিল্পী বলে, “ভবিষ্যতে আমি একজন অনেক বড় মানের অভিনেত্রী হতে চাই। আমার লক্ষ্য এখন ৯ জুনের বিভাগীয় প্রতিযোগিতা। সেখানে সেরা হয়ে জাতীয় পর্যায়ে যশোরের নাম উজ্জ্বল করতে চাই।”

বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আগামী পরশুই খুলনার উদ্দেশ্যে রওনা হবে আয়েশা। এই গৌরবময় লড়াইয়ে বিজয়ী হতে সে সমগ্র যশোরবাসীর কাছে দোয়া ও শুভকামনা প্রত্যাশা করেছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *