স্ফুলিঙ্গ রিপোর্ট :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত ১৫১ সদস্যবিশিষ্ট শক্তিশালী ও পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে স্থান করে নিয়েছেন যশোর জেলার ৫ জন কৃতি সন্তান। দলের দীর্ঘদিনের বৈরী রাজনৈতিক পরিস্থিতি, আন্দোলন-সংগ্রামে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব প্রদান এবং তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিবিড় সম্পৃক্ততার সর্বোচ্চ মূল্যায়ন হিসেবে এই ৫ ত্যাগী ও পরীক্ষিত নেতাকে যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুন, ২০২৬) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির তালিকা প্রকাশ করা হয়।
জাতীয়তাবাদী যুবদলের এই নতুন কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক হিসেবে বহাল রেখে এই ১৫১ সদস্যের চূড়ান্ত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে যশোরের প্রতিনিধিত্ব বৃদ্ধি পাওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা দিয়েছে।
কেন্দ্রীয় দপ্তর থেকে অনুমোদিত ও প্রকাশিত চূড়ান্ত তালিকা গভীরভাবে বিশ্লেষণ করে দেখা গেছে, নবঘোষিত এই কমিটিতে যশোর থেকে স্থান পাওয়া নেতারা প্রত্যেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদের দায়িত্ব পেয়েছেন। অনুমোদিত তালিকার ৫৮ নম্বর ক্রমে কেন্দ্রীয় কমিটির অন্যতম শীর্ষ পদ তথা যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন যশোরের পরিচিত মুখ এম তমাল আহমেদ। এছাড়া তালিকার ১০৫ নম্বর ক্রমে আইন বিষয়ক সম্পাদক পদের দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ। একই সাথে ১১৫ নম্বর ক্রমে পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক হিসেবে মাজেদুল ইসলাম রুমন এবং ১১৬ নম্বর ক্রমে গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে মহিন উদ্দিন রাজুর নাম ঘোষণা করা হয়েছে। তালিকার ১৩১ নম্বর ক্রমে সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন তরুণ চিকিৎসক ডা. মাহমুদুল হাসান খান সুমন। কেন্দ্রীয় নেতৃত্বে একযোগে যশোরের ৫ জন সাহসী নেতার এমন বলিষ্ঠ অবস্থানকে জেলার সামগ্রিক সাংগঠনিক রাজনীতির জন্য বড় ধরনের সাফল্য হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
নতুন এই পূর্ণাঙ্গ কমিটিতে যশোরের গৌরবোজ্জ্বল প্রতিনিধিত্ব বৃদ্ধি পাওয়ায় জেলা বিএনপি ও যুবদলের স্থানীয় শীর্ষ নেতারা গভীর সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় পর্যায়ে যশোরের এই বলিষ্ঠ নেতাদের জোরালো উপস্থিতি ও দিকনির্দেশনা জেলার সামগ্রিক সাংগঠনিক কার্যক্রমকে অতীতের চেয়ে আরও অনেক বেশি গতিশীল ও শক্তিশালী করবে। একই সাথে কেন্দ্রের যেকোনো ভবিষ্যৎ আন্দোলন ও দলীয় কর্মসূচি তৃণমূল পর্যায়ে সফলভাবে বাস্তবায়নে এই নতুন নেতৃত্ব অত্যন্ত ইতিবাচক ও অগ্রণী ভূমিকা রাখবে। এদিকে, দীর্ঘ প্রতীক্ষিত কেন্দ্রীয় কমিটিতে নিজেদের প্রিয় ৫ নেতার অন্তর্ভুক্তির খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই যশোর জেলার বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তার জোয়ার বইয়ে দিচ্ছেন। তৃণমূলের সর্বস্তরের কর্মীরা নতুন এই কেন্দ্রীয় নেতৃত্বের সর্বাঙ্গীন সফলতা ও দীর্ঘায়ু কামনা করেছেন এবং ফ্যাসিবাদ বিরোধী রাজপথের লড়াইয়ে দলকে আরও শক্তিশালী করতে আগামী দিনে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। ছবি সংগৃহীত।


