রফিক মন্ডল,কোটচাঁদপুর: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় গভীর রাতে গোয়াল ঘরের তালা ভেঙে কৃষকের স্বপ্ন কেড়ে নিল চোর চক্র। সোমবার (৩০ মার্চ) ভোর রাতে উপজেলার ৫ নং এলাঙ্গী ইউনিয়নের বলাবাড়িয়া খানপাড়ায় এই চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরেরা কৃষক মোঃ জাকির হোসেন খানের গোয়াল ঘর থেকে হালের দুইটি গরু নিয়ে চম্পট দিয়েছে।
ভুক্তভোগী কৃষক জাকির হোসেন খান (৫৫) জানান, প্রতিদিনের মতো রোববার রাতে তিনি তার হালচাষের গরু দুটি গোয়াল ঘরে তালাবদ্ধ করে ঘুমাতে যান। ধারণা করা হচ্ছে, সোমবার রাত ৩টা থেকে ভোর ৫টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাত চোরেরা গোয়াল ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর অত্যন্ত সুকৌশলে গরু দুটি নিয়ে পালিয়ে যায়। সকালে গোয়ালে গরু না দেখে কান্নায় ভেঙে পড়েন ওই কৃষক ও তার পরিবার।
চুরি হওয়া দুইটি গরু মূলত হালচাষের কাজে ব্যবহৃত হতো। ভুক্তভোগী পরিবারের দাবি, গরু দুইটির বর্তমান বাজারমূল্য প্রায় ৪ লক্ষ ৫০ হাজার টাকা। হালের গরু হারিয়ে কৃষক জাকির হোসেন এখন অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন।
বলাবাড়িয়া এলাকায় হঠাৎ গরু চুরির ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, এলাকায় চোর চক্রের তৎপরতা বেড়ে যাওয়ায় তারা রাতের বেলা গবাদিপশু নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এআই দিয়ে তৈরি প্রতিটি ছবি।


