৩ শ্রমিকের কারাদণ্ড : প্রতিবাদে ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ

৩ শ্রমিকের কারাদণ্ড : প্রতিবাদে ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ

স্ফুলিঙ্গ ডেক্স : নীলফামারীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন তেলবাহী ট্যাংকলরি শ্রমিককে কারাদণ্ড প্রদানের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে উত্তরবঙ্গ। এর প্রতিবাদে আজ রোববার (২৯ মার্চ) সকাল থেকে রংপুর বিভাগের ৮ জেলায় অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ করে দিয়েছে বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।

জানা গেছে, গতকাল শনিবার রাতে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে তেল নিয়ে একটি ট্যাংকলরি নীলফামারী যাচ্ছিল। পথে যান্ত্রিক ত্রুটির কারণে নীলফামারী রেলগেট এলাকায় গাড়িটি থামিয়ে মেরামত করছিলেন চালক ও তার সহকারীরা। ওই সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ ভূইয়া সেখানে অভিযান চালান এবং একটি জেরিকেনে থাকা ১৩ লিটার পেট্রোল উদ্ধার করেন। চুরির সন্দেহে চালকসহ তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৬ মাসের জেল ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

সংগৃহীত ছবি।

শ্রমিকদের দাবি, মেরামত কাজের জন্য রাখা সামান্য তেলের কারণে এমন কঠোর শাস্তি অন্যায্য। এর প্রতিবাদে আজ সকাল থেকে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর সব কার্যক্রম স্থবির করে দিয়েছেন শ্রমিকরা। তাদের এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছে পেট্রোল পাম্প মালিক সমিতিও। ফলে রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শ্রমিক ইউনিয়ন সাফ জানিয়ে দিয়েছে,আটককৃতদের নিঃশর্ত মুক্তি ও সাজা প্রত্যাহার না করা পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলবে। এদিকে আকস্মিক এই ধর্মঘটে সাধারণ পরিবহন চালক ও কৃষকরা চরম বিপাকে পড়েছেন। দ্রুত সমাধান না হলে পুরো বিভাগের যোগাযোগ ও কৃষি ব্যবস্থা অচল হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সংগৃহীত ছবি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *