সাবেক স্বামীকে তুলে আনতে ৫০ হাজারে লোক ভাড়া !

সাবেক স্বামীকে তুলে আনতে ৫০ হাজারে লোক ভাড়া !

স্ফুলিঙ্গ ডেক্স :

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ভাড়াটে লোক ও মাইক্রোবাস নিয়ে সাবেক স্বামীকে অপহরণ করে তুলে আনতে গিয়ে জনরোষের মুখে পড়েছেন জেসমিন আক্তার জুঁই (২৪) নামে এক নারী। এ সময় বিক্ষুব্ধ জনতার হামলায় মাইক্রোবাস চালকসহ ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ভাঙামোড় ইউনিয়নের বসুনিয়াটারী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার জেসমিন আক্তার জুঁই ও কুড়িগ্রামের নজরুল ইসলামের মধ্যে প্রেমের সম্পর্কের জেরে বিয়ে হয়। কিন্তু এক বছর পর পরিবারের চাপে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। জুঁইয়ের দাবি, বিচ্ছেদের পরেও তাদের যোগাযোগ ছিল এবং তিনি পুনরায় নজরুলকে বিয়ে করতে চেয়েছিলেন। নজরুলকে ‘তুলে নিয়ে গিয়ে’ পুনরায় বিয়ে করার জন্য তিনি এমদাদুল নামে এক ব্যক্তির সঙ্গে ৫০ হাজার টাকার চুক্তি করেন। ইতোমধ্যে তিনি ২৫ হাজার টাকা অগ্রিমও প্রদান করেন।

চুক্তি অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় একটি ভাড়া করা মাইক্রোবাস ও কয়েকজন লোক নিয়ে নজরুলের বাড়িতে চড়াও হন জুঁই। নজরুলকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়। গ্রামবাসী একজোট হয়ে মাইক্রোবাসটি আটক করে ভাঙচুর চালায়। এতে চালকসহ ৩ জন আহত হন।

খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ অভিযুক্ত ওই নারীকে আটক করেছে। তবে এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফুলবাড়ী থানার এসআই মনজুরুল ইসলাম।

উত্তেজিত জনতা বলছে, তালাকপ্রাপ্ত স্ত্রীর এমন দুঃসাহসিক অপহরণ চেষ্টা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *