শনিবারের ছুটি বাতিল করে অফিস করার নির্দেশ

শনিবারের ছুটি বাতিল করে অফিস করার নির্দেশ

স্ফুলিঙ্গ ডেক্স :

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা এক সপ্তাহের ছুটির ঘোষণা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (৭ মে ২০২৬) রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই বৈঠকে দেশজুড়ে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়াও অনুমোদন করা হয়েছে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি কার্যকর থাকবে। তবে দীর্ঘ এই ছুটির আগে কাজের গতি সচল রাখতে ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) সকল সরকারি অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, টানা ছুটির আগে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে সরকারি চাকরিজীবীদের অফিস করতে হবে।

পাবলিক টয়লেট নিয়ে নতুন কঠোর নীতিমালা:

জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা রক্ষায় মন্ত্রিসভা প্রথমবারের মতো ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’ অনুমোদন করেছে। এর মূল বৈশিষ্ট্যগুলো হলো

  • বর্জ্য ব্যবস্থাপনায় কড়াকড়ি: প্রতিটি টয়লেটে বাধ্যতামূলকভাবে সেপটিক ট্যাংক থাকতে হবে। কোনোভাবেই বর্জ্য সরাসরি নদী, খাল বা জলাশয়ে ফেলা যাবে না।

  • অন্তর্ভুক্তিমূলক সুবিধা: নারী, শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধাসম্পন্ন টয়লেট নির্মাণ করতে হবে। ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পে নারীদের জন্য পৃথক টয়লেট রাখা এখন থেকে বাধ্যতামূলক।

  • মহাসড়কে বিশেষ ব্যবস্থা: সড়ক ও মহাসড়কের উপযুক্ত স্থানে নারী ও পুরুষের জন্য আলাদা এবং স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট স্থাপনে স্থানীয় সরকার ও সড়ক বিভাগ সমন্বিতভাবে কাজ করবে।

  • সচেতনতা বৃদ্ধি: শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় পাঠ্যক্রম ও প্রচারণার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সঠিক টয়লেট ব্যবহার ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা তৈরি করবে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এই নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে জনস্বাস্থ্যের মানোন্নয়ন এবং পরিবেশ দূষণ রোধে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আসবে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *