স্ফুলিঙ্গ রিপোর্ট :
নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল রানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৬ মে ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মো. রাসেল রানাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
কেন্দ্রীয় কমিটি স্পষ্ট জানিয়েছে যে, বহিষ্কৃত নেতার কোনো ধরণের অপকর্মের দায়-দায়িত্ব দল গ্রহণ করবে না। একই সাথে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাঁর সাথে কোনো ধরণের সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। ফাইল ছবি।

