
স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশীদের বিরুদ্ধে তার পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনা জানাজানি হলে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এবং অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধনের প্রস্তুতি নেয় স্থানীয়রা। একই সঙ্গে অভিযোগের প্রেক্ষিতে তার দলীয় পদও স্থগিত করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হারুন অর রশীদ তার প্রবাসী ছেলের স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে জোরপূর্বক অনৈতিক সম্পর্ক স্থাপন ও একাধিকবার ধর্ষণ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, অভিযুক্ত তার প্রভাব খাটিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করেন।
এ ঘটনায় শনিবার (৪ এপ্রিল) বিকেলে পদ্মবিলা বাজারে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধনের ডাক দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করা হয়।
বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান জানান,বিষয়টি দলের নজরে এসেছে এবং সদর উপজেলা বিএনপির একটি টিম ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেছে। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন বলেন, বিষয়টি নিয়ে দলীয়ভাবে তদন্ত চলছে এবং তদন্ত কমিটির সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হারুন অর রশীদ মোবাইল ফোনে দাবি করেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পরে তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।
এদিকে, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে রোববার (৫ এপ্রিল) সদর উপজেলা বিএনপি তার পদ স্থগিত করেছে। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকনের অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
দলীয় সূত্র জানিয়েছে, চলমান তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ছবি সংগৃহীত।


