মোবাইল কেড়ে নিয়ে দুই সাংবাদিককে পরানো হলো হাতকড়া!

মোবাইল কেড়ে নিয়ে দুই সাংবাদিককে পরানো হলো হাতকড়া!

স্ফুলিঙ্গ ডেক্স :

কুমিল্লার চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে চরম হেনস্তা ও হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর অভিযোগ উঠেছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে চান্দিনা উপজেলা ভূমি অফিসে এসি ল্যান্ড ফয়সাল আল নূরের উপস্থিতিতে এই নজিরবিহীন ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

অমানবিক এই আচরণের শিকার দুই সাংবাদিক হলেন রাসেল সরকার, দেবিদ্বার উপজেলা প্রতিনিধি, দৈনিক মানবজমিন,আব্দুল আলীম, দেবিদ্বার প্রতিনিধি, ফেস দ্য পিপল ও দৈনিক আমার শহর।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ওই দুই সাংবাদিক সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে চান্দিনা উপজেলা ভূমি অফিসে যান। সেখানে অফিসের কার্যক্রমের ভিডিও ধারণ করার সময় এসি ল্যান্ড ফয়সাল আল নূর ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ উঠেছে, তিনি নিজেই সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নেন এবং কোনো কারণ ছাড়াই তাদের হাতে হাতকড়া পরিয়ে পুলিশে সোপর্দ করেন। পরে তাদের চান্দিনা থানায় পাঠিয়ে দেওয়া হয়।

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এমন আচরণকে স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ বলে মনে করছেন গণমাধ্যমকর্মীরা। তারা বলছেন, ভিডিও করা কোনো অপরাধ নয়, অথচ একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা হয়ে সাংবাদিকদের সাথে অপরাধীর মতো আচরণ করা এবং হাতকড়া পরানো আইনত ও নৈতিকভাবে দণ্ডনীয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া না গেলেও বিষয়টি নিয়ে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কুমিল্লার সাংবাদিক নেতৃবৃন্দ।

ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *