স্ফুলিঙ্গ ডেক্স :
রাজশাহী ও নাটোরের পরিবহন মালিকদের মধ্যে পুরনো এক ঝগড়া আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। আর এর মাশুল দিতে হচ্ছে সাধারণ যাত্রীদের। মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে কোনো ঘোষণা ছাড়াই রাজশাহী থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক সমিতি। এতে করে যারা জরুরি কাজে রাজধানী যেতে চাচ্ছিলেন, তারা বড় বিপদে পড়েছেন।
জানা গেছে, রাজশাহী ও নাটোরে বাস চালানো নিয়ে দুই জেলার মালিকদের মধ্যে আগে থেকেই মনোমালিন্য ছিল। সেই বিরোধের জেরে দুই পক্ষই বাস বন্ধ রাখার জেদ ধরেছে। বাস কাউন্টারগুলোতে গিয়ে দেখা গেছে, শত শত যাত্রী ব্যাগ নিয়ে বসে আছেন, কিন্তু কোনো বাস ছাড়ছে না।
যাত্রীদের এই ভোগান্তি দেখে প্রশাসন এখন নড়েচড়ে বসেছে। আজ বুধবার (২২ এপ্রিল) দুপুর ২টায় রাজশাহীর জেলা প্রশাসকের (ডিসি) অফিসে দুই জেলার মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে এক জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানে রাজশাহী ও নাটোরের ডিসিরাও উপস্থিত থাকবেন। আশা করা হচ্ছে, এই বৈঠকের পর আজ বিকেলের মধ্যেই বাস চলাচল আবার শুরু হতে পারে। ছবি সংগৃহীত।

