মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টাকালে এক ভারতীয় নাগরিকসহ মোট ১১ জনকে আটক করেছে ৫৮ বিজিবি ব্যাটালিয়ন। রোববার (৫ এপ্রিল) দিনভর সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আটককৃতদের মধ্যে জসিম উদ্দিন (৩৫) নামে একজন ভারতীয় নাগরিক রয়েছেন। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলী জেলার পান্ডুয়া থানার বাটিকা গ্রামের নাসির উদ্দীনের ছেলে। আটকের সময় তার কাছ থেকে ভারতীয় আধারকার্ড, পাসপোর্ট, পরিচয়পত্র ও বেশ কিছু ভারতীয় রুপি উদ্ধার করেছে বিজিবি।
আটককৃত ১০ জন বাংলাদেশির মধ্যে ৭ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— খুলনার তেরখাদার রবিউল ইসলাম (২৮), ফরিদপুরের আলফাডাঙ্গার সগির ফকির (২৭), ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর রাসেল (৩৭), গোপালগঞ্জ সদরের সুমন গোলদার (২০), বাগেরহাটের মোড়লগঞ্জের অশোক কুমার মন্ডল (৫২), রাজবাড়ীর গোয়ালন্দের শামীম (৪৬) এবং ঝিনাইদহের কালীগঞ্জের চিত্ত রঞ্জন বিশ্বাস (৩৯)। এছাড়া আটক বাকি তিনজনের মধ্যে একজন নারী ও দুইজন শিশু রয়েছে।
বিজিবি জানায়, রোববার সকাল থেকে বাঘাডাঙ্গা, পলিয়ানপুর ও কুসুমপুর বিওপির সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। কুসুমপুর বিওপির সদস্যরা সীমান্তবর্তী পেপুলবাড়িয়া গ্রামের একটি ধানক্ষেতে অভিযান চালিয়ে ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেন। পৃথক অভিযানে বাকিদের আটক করা হয়।
আটককৃত ১১ জনকেই মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টার কথা স্বীকার করেছে।
ছবি-সংগৃহীত


