ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ এসআই রাকিবুল

ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ এসআই রাকিবুল

স্ফুলিঙ্গ ডেক্স :

রাজধানীর কলাবাগান থানার ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার চারদিন পার হলেও সন্ধান মেলেনি এসআই রাকিবুল হাসান সরকারের (৩২)। গত ২৮ এপ্রিল রাতে তিনি ব্যারাক থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। তবে নিখোঁজ এই পুলিশ সদস্যের গতিবিধি সম্পর্কে চাঞ্চল্যকর কিছু তথ্য পেয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এসআই রাকিবুল ব্যারাক থেকে বের হয়ে চা খেয়ে আবারও ফিরে আসেন। পরবর্তীতে রাত পৌনে ৮টার দিকে ‘নাইট ডিউটি’র কথা বলে তিনি আবারও ব্যারাক থেকে বের হন এবং এরপর থেকেই তার আর কোনো হদিস পাওয়া যায়নি। এ ঘটনায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং সারা দেশের থানাগুলোতে বেতারবার্তা পাঠানো হয়েছে।

নিখোঁজের পরদিন ২৯ এপ্রিল গুলিস্তানের একটি ব্যাংকের বুথ থেকে ৫ হাজার টাকা তোলার তথ্য পেয়েছে পুলিশ। একই দিন রাজধানীর চকবাজার এলাকায় তার মোবাইল ফোনটি কিছু সময়ের জন্য সক্রিয় পাওয়া যায় এবং তখনই ব্যাংকের লেনদেন সংক্রান্ত মেসেজটি ফোনে প্রবেশ করে।

তদন্তকারী কর্মকর্তাদের মতে রাকিবুল হাসানের ব্যাংক অ্যাকাউন্টে বেতনের প্রায় ৭০ হাজার টাকা থাকলেও সেখান থেকে মাত্র ৫ হাজার টাকা তোলা হয়েছে। যদি অন্য কেউ বা কোনো অপরাধী চক্র টাকা তুলতো, তবে পুরো অর্থই তুলে নেওয়ার সম্ভাবনা ছিল।

প্রযুক্তিগত এই তথ্য বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, তিনি অপহৃত হননি বরং ব্যক্তিগত, পারিবারিক কারণ কিংবা কাজের চাপে হতাশ হয়ে স্বেচ্ছায় আত্মগোপনে থাকতে পারেন।

কলাবাগান থানার ওসি ফজলে আশিক জানান, এসআই রাকিবুলের অবস্থান সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য পাওয়া গেলেও এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে খুঁজে পাওয়ার পরই নিখোঁজ রহস্যের প্রকৃত জট খুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, পুলিশে যোগদানের আগে রাকিবুল হাসান কাস্টমসে কর্মরত ছিলেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *