বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

শহিদ জয়:

যশোরের বেনাপোলের সাদীপুর সীমান্তে ঘর মেরামতকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে সীমান্তের জিরো পয়েন্টে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কাশেম জানান, সীমান্তের ১৮/৪৩ মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে ‘ডাক্তার বাড়ি’ নামক স্থানে আব্দুল হাসেম মোড়ল নামে এক ব্যক্তি তার বসতঘরের জরাজীর্ণ টিনের চাল সরিয়ে টালি লাগানোর কাজ করছিলেন। বিষয়টি বিএসএফের নজরে এলে তারা আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী সীমানার একদম কাছে স্থায়ী বা আধা-স্থায়ী নির্মাণকাজে আপত্তি জানায়।

পতাকা বৈঠকে ভারতের ১৭২ বিএসএফ ব্যাটালিয়নের হরিদাসপুর কোম্পানি কমান্ডার দাবি করেন, কাজটির বিষয়ে আগে থেকে অবগত না করায় তারা বাধা প্রদান করেছেন এবং আপাতত কাজ বন্ধ রাখার আহ্বান জানান।

প্রতি উত্তরে বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কাশেম বলেন, “এটি আব্দুল হাসেম মোড়লের পৈত্রিক ভিটা এবং তিনি অনেক আগে থেকেই এখানে বসবাস করছেন। ঘরের টিন নষ্ট হয়ে যাওয়ায় তিনি কেবল টালি লাগাচ্ছিলেন, এটি কোনো নতুন স্থাপনা নয়।” তবে দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপাতত বাড়ির মালিককে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হবে বলে বিএসএফকে আশ্বস্ত করা হয়েছে।

 সীমান্তে টানটান উত্তেজনার পরিবর্তে উভয় বাহিনীর দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠকটি শেষ হয়। বিজিবি জানিয়েছে, বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য আলাপ-আলোচনা অব্যাহত থাকবে।

ছবি-সংগৃহীত

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *