স্ফুলিঙ্গ রিপোর্ট:
যশোর জেলাজুড়ে আজ সোমবার (১৫ জুন ২০২৬) বিকেলে পৃথক দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। একদিকে সাংগঠনিক শক্তি বাড়াতে ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে মাঠে নামছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, অন্যদিকে যশোরের প্রাণপ্রকৃতি ও ঐতিহ্যবাহী মুক্তেশ্বরী নদীকে দখলদারদের হাত থেকে মুক্ত করতে রাজপথে বড় ধরণের আন্দোলনের ডাক দিয়েছে পরিবেশবাদী সংগঠন।
নিচে দুটি বিশেষ কর্মসূচির বিস্তারিত বিবরণ তুলে ধরা হলো—
রামনগরে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা:
যশোর সদর উপজেলার ১১ নম্বর রামনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ সোমবার বিকেল সাড়ে চারটায় সতিঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, তৃণমূলের এই সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক আমির ফয়সাল। প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাগর আহমেদ এবং যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রামনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি জহির উদ্দিন। সভায় সংগঠনের চলমান সাংগঠনিক কার্যক্রমের পর্যালোচনা, তৃণমূল পর্যায়কে আরও গতিশীল করার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় বিভিন্ন এজেন্ডা নিয়ে বিস্তর আলোচনা করা হবে। সভায় ইউনিয়ন ও সদর উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেবেন।
নদী রক্ষায় ‘মুক্তেশ্বরী বাঁচাও’ আন্দোলনের মহতি পদযাত্রা:
যশোরের বুক চিরে বয়ে যাওয়া ঐতিহাসিক মুক্তেশ্বরী নদী রক্ষা ও এর নাব্য পুনরুদ্ধারের দাবিতে আজ সোমবার বিকেল ৫টায় এক বিশাল পদযাত্রা কর্মসূচির আয়োজন করেছে ‘মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন, যশোর’। পদযাত্রাটি যশোর জেলা পুলেরহাট এলাকা থেকে শুরু হয়ে শহরের কেন্দ্রবিন্দু দড়াটানা ভৈরব নদ পর্যন্ত গিয়ে শেষ হবে।
সংগঠনের জেলা সমন্বয়ক ও নীতি-নির্ধারকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত ৫ দফা যৌক্তিক দাবিতে এই নাগরিক পদযাত্রার ডাক দেওয়া হয়েছে। দাবিগুলো হলো—
-
মুক্তেশ্বরী নদীকে সম্পূর্ণরুপে দখলমুক্ত করতে হবে।
-
নদীর জায়গা দখলকারী আদ্-দ্বীন হাসপাতালসহ সকল প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে।
-
পরিবেশ ধ্বংসকারী ও নদী দখলকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।
-
ভৈরব নদীর সঙ্গে উজানে মুক্তেশ্বরী নদীর সংযোগ পুনঃস্থাপন করতে হবে।
-
এবং মাথাভাঙা নদীর সঙ্গে ভৈরব নদীর আদি সংযোগ পুনরায় চালু করতে হবে।
এই পদযাত্রা সফল করতে যশোরের সর্বস্তরের সাধারণ জনগণ, সচেতন নাগরিক সমাজ এবং পরিবেশপ্রেমীদের স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। ফাইল ছবি সংগৃহীত।


