বাস ভাড়া কিলোমিটারে ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

বাস ভাড়া কিলোমিটারে ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

স্ফুলিঙ্গ ডেক্স :

ডিজেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে মাত্র ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়ে, একইসঙ্গে বাস মালিকদের সাথে যোগসাজশ করে বিআরটিএ গোপনে অতিরিক্ত ভাড়া বাড়ানোর ‘ষড়যন্ত্র’ করছে বলেও গুরুতর অভিযোগ তুলেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

রোববার (১৯ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, এর আগে যখন তিন দফায় তেলের দাম তিন টাকা কমানো হয়েছিল, তখন বাস ভাড়া প্রতি কিলোমিটারে তিন পয়সা কমানো হয়েছিল। সেই একই গাণিতিক হার অনুসরণ করলে বর্তমানে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ায় বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা বাড়ানোই হবে সবচেয়ে যৌক্তিক।

বিআরটিএ সদর দপ্তরে আজ রাতের বৈঠক নিয়ে ক্ষোভ প্রকাশ করে মোজাম্মেল হক চৌধুরী বলেন, গুরুত্বপূর্ণ অংশীজন ও গণমাধ্যমকে এড়িয়ে এই ধরণের বৈঠক অতীতে ঘটা নানা অনিয়মেরই পুনরাবৃত্তি। তিনি অভিযোগ করেন, পরিবহন খাতের প্রভাবশালী নেতারা আমলাতন্ত্রকে ম্যানেজ করে একচেটিয়াভাবে অযৌক্তিক ভাড়া বৃদ্ধির পাঁয়তারা করছেন।

সংগঠনটির পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, যদি নির্ধারিত ও যৌক্তিক হারের চেয়ে অতিরিক্ত ভাড়া বাড়ানো হয়, তবে সাধারণ মানুষের মধ্যে চরম জনরোষ তৈরি হবে। নিয়মবহির্ভূত বড় অংকের ভাড়া বৃদ্ধি পরিবহন খাতে চরম অস্থিরতা সৃষ্টি করবে বলেও আশঙ্কা প্রকাশ করে যাত্রী কল্যাণ সমিতি।

ফাইল ছবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *