প্রাণ গেল ৩ যাত্রীর : আহত ২০ 

প্রাণ গেল ৩ যাত্রীর : আহত ২০ 

স্ফুলিঙ্গ ডেক্স :

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় এক নারীসহ ৩ জন নিহত হয়েছেন। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।

 পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে ‘তাকওয়া পরিবহনে’র একটি যাত্রীবাহী মিনিবাস কালিয়াকৈরের চন্দ্রার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কোনাবাড়ী ফ্লাইওভারের মাঝামাঝি এলাকায় পৌঁছালে আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে মিনিবাসটি সজোরে ধাক্কা দেয়। এতে মিনিবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

দুর্ঘটনার পর ফ্লাইওভারের ওপর এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে, যার ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরবর্তীতে কোনাবাড়ী থানা পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে রাত ৮টার পর যান চলাচল স্বাভাবিক হয়।

জিএমপি কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করীম জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *