স্ফুলিঙ্গ ডেক্স :
চট্টগ্রামের রাউজান পৌরসভায় কাউছার উর জামান বাবলু (৩৬) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঢালার মুখ এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বাবলু ওই এলাকার আবুল কালাম সওদাগরের ছেলে এবং পেশায় একজন ঠিকাদার ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাবলু পার্শ্ববর্তী এলাকায় তাঁর নানাবাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন। সেখান থেকে গভীর রাতে মামাতো ভাই পলিনকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে ‘পূর্ব আলীখীল খামার টিলা’ এলাকায় ওত পেতে থাকা একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁদের গতিরোধ করে। সন্ত্রাসীরা প্রথমে বাবলুকে বেদম মারধর করে এবং একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় স্বজনরা তাঁকে উদ্ধার করে প্রথমে গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের বাবা আবুল কালাম সওদাগর জানান, বাবলু প্রতিবাদী স্বভাবের মানুষ ছিলেন। এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন সময় অবস্থান নেওয়ার কারণে স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই পূর্ব বিরোধের জের ধরেই তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ছবি সংগৃহীত।


