স্ফুলিঙ্গ ডেক্স :
দীর্ঘ প্রায় ১৮ মাস বা দেড় বছরের টানাপড়েন ও সীমাবদ্ধতা কাটিয়ে অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরছে বাংলাদেশ ও ভারতের ভিসা কার্যক্রম। দুই প্রতিবেশী দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল করতে ঢাকা ও দিল্লি যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ইতিমধ্যেই সব ধরনের ভিসা প্রদান শুরু করেছে এবং ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে তাদের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি সফরকালে ভিসা কার্যক্রম সচল করার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তুলে ধরেন। বর্তমানে ভারতের নয়াদিল্লি, কলকাতা, আগরতলা ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের সব ভিসা কেন্দ্র সচল রয়েছে। ফলে ভারতের পক্ষ থেকেও দ্রুত ইতিবাচক সাড়া পাওয়ার অপেক্ষায় রয়েছে ঢাকা।
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরে কারিগরি কারণে ভারতের কিছু কেন্দ্রে ভিসা প্রদান স্থগিত করা হলেও ফেব্রুয়ারি থেকে তা ধাপে ধাপে পুনরায় সচল হয়েছে। কূটনৈতিক মহলের ধারণা, বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের পরেই এই ভিসা সেবা পূর্ণ সক্ষমতায় ফিরবে। এই সিদ্ধান্তের ফলে দুই দেশের সাধারণ ভ্রমণকারী, বিশেষ করে চিকিৎসার জন্য অপেক্ষমান রোগী ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র-আন্তর্জাতিক সংবাদ সংস্থা,ফাইল ছবি সংগৃহীত।

