স্পোর্টস ডেক্স: প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতেই খেই হারিয়ে ফেললো বাংলাদেশ। বৃষ্টির বাধায় রান তাড়ায় ছন্দ হারিয়ে শাহিন শাহ আফ্রিদিদের কাছে ১২৮ রানের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতায় ফিরলো পাকিস্তান। আগামী ১৫ মার্চ সিরিজের অঘোষিত ‘ফাইনালে’ মুখোমুখি হবে দুই দল।
শুক্রবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। ৪৭.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় তারা। লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ৬.৩ ওভারে মাত্র ২৭ রান তুলতেই টপ অর্ডারের ৩ উইকেট হারিয়ে ফেলে টাইগাররা।
ম্যাচ চলাকালীন হানা দেয় বৃষ্টি। ফলে ডার্কওয়ার্থ-লুইস (DLS) পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩২ ওভারে ২৪৩ রান। এই পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ২৩.৩ ওভারে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। পাকিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে স্বাগতিকদের কোনো ব্যাটারই বড় সংগ্রহ গড়তে পারেননি।
আগামী ১৫ মার্চ সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দেশ। যে দল জিতবে, সিরিজ তাদেরই হবে। ফলে মিরপুরের শেষ ম্যাচটি এখন ক্রিকেট ভক্তদের কাছে অলিখিত ফাইনালে পরিণত হয়েছে।


