স্ফুলিঙ্গ ডেক্স :
ছোট বোনের বিয়ে এবং উত্ত্যক্তকারীর সঙ্গে মীমাংসা করা নিয়ে তর্কের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই আল আমিন (৩০) নিহত হয়েছেন। শনিবার (০২ মে) সকালে নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকার একটি পেট্রল পাম্পের সামনে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। নিহত আল আমিন ও ঘাতক ছোট ভাই হাসান (২৬) রায়পুরা উপজেলার নিলক্ষা এলাকার নুর ইসলামের ছেলে। তারা উভয়ই পেশায় অটোরিকশা চালক এবং শহরের চৌয়ালা এলাকায় ভাড়া থাকতেন।
স্বজনরা জানান, আল আমিনের ছোট বোন তাসলিমাকে স্থানীয় নাঈম নামের এক যুবক দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। সম্প্রতি আল আমিন স্থানীয়দের সহায়তায় নাঈমের সঙ্গে বিষয়টি মীমাংসা করেন। কিন্তু ছোট ভাই হাসান এই আপস মেনে নিতে পারেননি। তার দাবি ছিল, উত্ত্যক্তকারী নাঈমকে শাস্তি না দিয়ে কেন মীমাংসা করা হলো।
এই মীমাংসা নিয়ে শুক্রবার রাতে দুই ভাইয়ের মধ্যে মোবাইলে তীব্র বাকবিতণ্ডা হয়। পরদিন শনিবার সকালে পুনরায় কথা কাটাকাটির একপর্যায়ে হাসান উত্তেজিত হয়ে বড় ভাই আল আমিনের পেটে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।
নরসিংদী মডেল থানার ওসি এ আর এম আল মামুন জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ছোট ভাই হাসান এবং উত্ত্যক্তকারী নাঈম—উভয়কেই আটক করা হয়েছে। পুলিশ জানায়, নাঈমের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও ১৩টি মামলা রয়েছে। মামলা দায়েরের পর আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এক ভাইকে হারিয়ে এবং অন্য ভাই ঘাতক হিসেবে আটক হওয়ায় পরিবারটিতে এখন শোকের মাতম চলছে। ছবি সংগৃহীত।

