চৌগাছায় বীর মুক্তিযোদ্ধা ডা. ইয়াকুব আলীর ২১৭তম ফ্রি ডেন্টাল ক্যাম্প সম্পন্ন

চৌগাছায় বীর মুক্তিযোদ্ধা ডা. ইয়াকুব আলীর ২১৭তম ফ্রি ডেন্টাল ক্যাম্প সম্পন্ন

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

মানবসেবা ও দন্ত চিকিৎসার মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক, বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা ও দন্ত চিকিৎসক ডাক্তার ইয়াকুব আলী মোল্লা। তাঁর নিরলস সমাজসেবামূলক উদ্যোগের অংশ হিসেবে এবার ২১৭তম ফ্রি ডেন্টাল ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজ রোববার (১৪ জুন ২০২৬) যশোরের চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের গরিবপুর আদর্শ বিদ্যানিকেতন প্রাঙ্গণে এই দিনব্যাপী বিনামূল্যে দন্ত চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ক্যাম্পে এলাকার মোট ১৪২ জন অসহায়, গরিব ও দুস্থ রোগীকে বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ডেন্টাল চেকআপ, দাঁতের বিভিন্ন জটিল রোগের পরামর্শ এবং সম্পূর্ণ ফ্রিতে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মানবিক ক্যাম্পের উদ্বোধন করেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান সফল তত্ত্বাবধায়ক ডাক্তার হোসেন শাফায়াত। এবারের ডেন্টাল ক্যাম্পে অসহায় রোগীদের জন্য বিনামূল্যে উন্নত মানের জীবনরক্ষাকারী ওষুধ সরবরাহ ও সৌজন্যতা প্রকাশ করেছে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের বিশিষ্ট সংগঠন ‘মেডিসিন ব্যাংক’।

বিশেষ অতিথি হিসেবে ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন— মেডিসিন ব্যাংকের সম্মানিত সচিব ডাক্তার আবুল কালাম আজাদ লিটু এবং সংগঠনটির সহ-সভাপতি ড. মোস্তাফিজুর রহমান। এছাড়া গরিবপুর আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবকরা ক্যাম্পে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

ক্যাম্পে আগত অসহায় রোগীরা প্রত্যন্ত অঞ্চলে এমন মানসম্মত ও নিখরচায় বিশেষজ্ঞ দন্ত চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ পেয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ক্যাম্পের সফল সমাপ্তি শেষে বিশিষ্ট দন্ত চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ডাক্তার ইয়াকুব আলী মোল্লা তাঁর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। পরম করুণাময়ের ইচ্ছায় আমার এই ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম ভবিষ্যতেও পুরোদমে চলমান থাকবে। অসহায় মানুষের দোয়ায় আমি যেন এই মানবিক ক্যাম্পের সংখ্যাকে ট্রিপল সেঞ্চুরিতে (৩০০টি ক্যাম্প) রূপান্তর করতে পারি, এটাই আমার আগামী দিনের লক্ষ্য ও স্বপ্ন।” ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *