এমপির লাঠিয়াল থেকে মাদকের গডফাদার!

এমপির লাঠিয়াল থেকে মাদকের গডফাদার!

স্ফুলিঙ্গ ডেক্স :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিগত সরকারের ক্ষমতার দাপট দেখিয়ে মারামারি, চাঁদাবাজি, ডাকাতি ও মাদকের সাম্রাজ্য গড়ে তোলা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের শীর্ষ সন্ত্রাসী মো. সোহেল মিয়া ওরফে ‘টাইগার সোহেল’কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৩ জুন) গভীর রাতে উপজেলার জিনোদপুর ইউনিয়ন এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল মিয়া জিনোদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী হিসেবে নিজের প্রভাব জাহির করে আসছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. মনির আহমেদ পুলিশের একটি চৌকস ফোর্স নিয়ে মঙ্গলবার রাতে জিনোদপুর এলাকায় এক ঝটিকা অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও চারদিক থেকে অবরুদ্ধ করে কুখ্যাত এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ভুক্তভোগী বাসিন্দা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি এবাদুল করিম বুলবুলের পরম আশ্রয়ে ও প্রত্যক্ষ মদদে এলাকায় যুবলীগ নেতা সোহেলের বেপরোয়া উত্থান ঘটে। এমপির একক রাজনৈতিক প্রভাবে সে জোরপূর্বক জিনোদপুর বাজার কমিটির সভাপতি পদটিও বাগিয়ে নেয়। এরপর শুরু হয় তার আসল রূপ। নিজেকে ‘টাইগার সোহেল’ পরিচয় দিয়ে এলাকায় মারামারি, সাধারণ ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজি, গভীর রাতে ডাকাতি, নারী কেলেঙ্কারি এবং বড় বড় মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছিল সে। একপর্যায়ে সে পুরো নবীনগরে মাদকের ‘গডফাদার’ হিসেবে পরিচিতি পায়। তার ভয়ে সাধারণ মানুষ তো দূর, স্থানীয় প্রশাসনও মুখ খুলতে সাহস পেত না। এছাড়া গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থানীয় হাসান মিয়ার বাড়িতে এক ভয়াবহ ডাকাতির ঘটনার সাথেও তার সরাসরি সম্পৃক্ততা পায় পুলিশ।

কুখ্যাত এই সন্ত্রাসীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, ‘গ্রেপ্তারকৃত টাইগার সোহেল একজন চিহ্নিত অপরাধী ও যুবলীগ নেতা। তার বিরুদ্ধে নবীনগর থানায় মারামারি, মাদক পাচার, চাঁদাবাজি ও ডাকাতিসহ বিভিন্ন গুরুতর অপরাধে একাধিক মামলা রয়েছে। ৫ আগস্টের পরবর্তী একটি ডাকাতি মামলা এবং নতুন করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করে তাকে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হচ্ছে।’ টাইগার সোহেল গ্রেপ্তারের খবরে জিনোদপুরসহ গোটা নবীনগর উপজেলার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *